
মাস দুয়েক আগে হাবিব জানিয়েছিলেন তাঁর নতুন গান ‘তোমার আকাশ’-এর খবর। সেই থেকে হাবিব-ভক্তদের অপেক্ষা শুরু। অবশেষে নতুন গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটেছে। গতকাল বুধবার রাতে হাবিব ওয়াহিদ তাঁর নিজের ইউটিউব চ্যানেলে এ গানটি আপলোড করেন। স্বনামে হাবিবের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া প্রথম গান এটি।
গতকাল বুধবার দুপুরে হাবিব ফেসবুকে ঘোষণা দেন, রাতের মধ্যে তাঁর শ্রোতারা শুনতে পাবেন ‘তোমার আকাশ’ গানটি।
হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোনো প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা অনলাইন কনটেন্ট প্রোভাইডারের মাধ্যমে গানটি প্রকাশ করছি না। এবার গানের ভিডিওটি প্রকাশ করছি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। শ্রোতারা আমার ফেসবুক পেজে পাবেন আমার নতুন গানের ভিডিওটির লিংক।’
‘তোমার আকাশ’ গানটি লিখেছেন ফৌজিয়া সুলতানা। গানের ভিডিও দৃশ্য ধারণ হয়েছে কানাডার টরন্টো শহরে। এটি নির্মাণ করেছেন কানাডা অবস্থানরত বাংলাদেশি তরুণ নাফিস রশিদ। এ গানে হাবিবের সঙ্গে দেখা যাবে কানাডাপ্রবাসী মডেল ফারিয়া নুজহাতকে।