
মীনার পর সচেতনতা বাড়াতে এসেছে আরও একটি অ্যানিমেশন ছবি। নাম শাহানা। মেয়েশিশুদের ১৮ বছরের আগে বিয়েকে না, ভোটের অধিকার নিশ্চিত করা আর লেখাপড়ার সুযোগ তৈরি—এমন ভাবনা নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। তৈরি করেছে ইউএনএফপিএ। অ্যানিমেশন ছবি শাহানার সূচনা গানটি লিখেছেন ও সুর করেছেন দেবলীনা সুর।
গত সোমবার এই অ্যানিমেশন ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ছয় পর্বের এ ছবিটি ওই দিন থেকেই দেখানো হচ্ছে চ্যানেল আইয়ে। পর্যায়ক্রমে তা দেখানো হবে অন্য টিভি চ্যানেলগুলোতেও।
গানটির স্থায়ী অংশটুকু হলো ‘ইচ্ছে আমার বড় হব/ দুহাত দিয়ে আকাশ ছোঁব/ উড়তে চাই, ডানা মেলতে চাই/ আলো ছুঁতে চাই/ দেশটাকে আলোকিত করতে চাই’। সংগীতায়োজন করেছেন কলকাতার সুমন সরকার। পরে ঢাকায় সুমন কল্যাণের তত্ত্বাবধানে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবযানী।