আগামীকাল ঢাকায় পারফর্ম করার কথা ছিল পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তাঁর ব্যান্ডের। তবে এক দিন আগে এসে স্থগিত হয়েছে কনসার্টটি। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানিয়েছে, ‘আগামীকাল শুক্রবার (২৬ জুন) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আমাদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সরকার নির্ধারিত যথাযথ অনুমোদন দিয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। সব টিকিটধারীকে তাঁদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত প্রদান করা হবে। কনসার্টটি পুনঃ নির্ধারণের সম্ভাবনা এবং টিকিট রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’’–এর অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হবে।’
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে আয়োজকেরা তাঁকে স্থগিতের খবরটি দিয়েছেন।
আগামীকাল ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনি’র।