শাকিরা
শাকিরা

বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

অপেক্ষার পাল শেষ, বিশ্বকাপের পর্দা উঠছে আজ। এবার এক দিনের বদলে তিন দেশে দুই দিনে হবে উদ্বোধনী উৎসব। এসব আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে সংগীত। কলম্বিয়ান পপ তারকা শাকিরা, মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা থেকে বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়—বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে কে না থাকছেন।

মেক্সিকো সিটি (১১ জুন)

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ পরিবেশনা এবং কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম ‘পাপেল পিকাদো’র মাধ্যমে মেক্সিকান সংস্কৃতি তুলে ধরা হবে।

‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়। ‘ডাই ডাই’ শব্দের অর্থ ‘চলো’। ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন ম্যাডোনা ও কে-পপ ব্যান্ড বিটিএস।

ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। তাঁদের মধ্যে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার গায়ক-গীতিকার টাইলাও অংশ নেবেন।

মেক্সিকো সিটির কর্তৃপক্ষ ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে। স্টেডিয়াম এলাকায় শুধু টিকিটধারী দর্শক, স্বীকৃত গণমাধ্যমকর্মী ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি থাকবে।

কেটি পেরি

টরন্টো (১২ জুন)

এদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন থাকছে।

এই আয়োজনে সংগীত ও পরিবেশনার মাধ্যমে কানাডার বৈচিত্র্য তুলে ধরা হবে। অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স।

লিসা

লস অ্যাঞ্জেলেস (১২ জুন)

এদিন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে উদ্বোধনী আয়োজন রয়েছে।
এতে অংশ নেবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা, রেমা ও টাইলা।
আল–জাজিরা অবলম্বনে