সাধারণত শিশুকণ্ঠে শোনা যায় রূপকথা, আনন্দ কিংবা খেলাধুলার গল্প। কিন্তু এবার ব্যতিক্রম। ছোটদের পক্ষ থেকে বড়দের উদ্দেশে পরামর্শ আর প্রশ্ন ছুড়ে দেওয়া এক গান প্রকাশ পেয়েছে, যা শুনলে প্রথমে খটকা লাগলেও শেষ পর্যন্ত ভাবনায় ফেলতে বাধ্য করে। এই ভিন্নধর্মী শিশুগানের নাম ‘অবিশ্বাসের দেশে’। জীবনমুখী ঘরানার গানটির কথা লিখেছেন ও সুর করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। গানটিতে কণ্ঠ দিয়েছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি তার গাওয়া তৃতীয় মৌলিক গান।
ভিন্ন কথার গান, ভিন্ন উপস্থাপন ‘অবিশ্বাসের দেশে’ গানচিত্রটি প্রকাশ পেয়েছে এ কে নির্ঝরের গান প্রজেক্টের আওতায় গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব। ভিডিওতে মৃন্ময়ী মেঘাকেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।
গানটিতে রয়েছে এমন কিছু লাইন, যা রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিলেও প্রকাশভঙ্গিতে তা অরাজনৈতিক—ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে, আবোলতাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে, ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে, একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে…এই গানের মাধ্যমে বড়দের সমাজ ও আচরণকে শিশুমনের চোখে দেখানোর চেষ্টা করেছেন গীতিকার-সুরকার এনামুল করিম নির্ঝর।
গানটি তৈরির পটভূমি ব্যাখ্যা করে এনামুল করিম নির্ঝর বলেন, ‘সময়টা এমন, কার কথা কে শুনবে বোঝা কঠিন। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বোঝে; কিন্তু তারা তো আর সেগুলো ধরিয়ে দিতে পারে না। সেখান থেকেই মনে হলো, বড়দের নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে হয়তো সবার কানে পৌঁছাতে পারে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে।’
তিনি আরও বলেন, এতে হয়তো খুব বেশি কিছু বদলাবে না, তবু চেষ্টা করে যাওয়াটাই জরুরি। সে চেষ্টার ফল হিসেবেই এ গান।
ভিন্নধর্মী এই গান গেয়ে বড়দের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে মৃন্ময়ী মেঘা। নিজের অনুভূতি জানিয়ে সে বলে, ‘নির্ঝর আংকেলের কথা-সুরে আর মুন আংকেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। এবারের গানটিও গেয়ে আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আরও সুন্দর গান গাইতে পারি।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ পায় ২০২৪ সালে। গানটির নাম ছিল ‘ভূতের রাজা দিলো বর’, যার কথা, সুর ও সংগীতায়োজন করেছিলেন অটমনাল মুন। ২০২৫ সালে এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে প্রকাশিত হয় তার দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’।
সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল তৃতীয় মৌলিক গান ‘অবিশ্বাসের দেশে’।