স্লাই ডানবার
স্লাই ডানবার

কিংবদন্তি ড্রামার স্লাই ডানবার মারা গেছেন

কিংবদন্তি ড্রামার স্লাই ডানবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বব মার্লে থেকে শুরু করে ‘দ্য রোলিং স্টোনস’সহ অনেক কিংবদন্তি গায়কের সঙ্গে ড্রামস বাজিয়েছেন। তবে সংগীত প্রযোজনা দল ‘স্লাই অ্যান্ড রবি’–এর জন্য বেশি পরিচিতি পান, যেখান থেকে পিটার তোশ, ব্ল্যাক উহুরু থেকে শুরু করে রক ও পপশিল্পী যেমন বব ডিলান, গ্রেস জোনস ও ইয়ান ডিউরির বিখ্যাত অনেক গান তৈরি হয়েছে।

স্লাই ডানবার

ডানবারের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন তাঁর স্ত্রী থেলমা, যিনি জ্যামাইকান সংবাদপত্র দ্য গ্ল্যানারকে জানিয়েছেন, গতকাল সোমবার সকালে তিনি অচেতন অবস্থায় ডানবারকে খুঁজে পান। পরে মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর মুখপাত্রও।
ডানবারের স্ত্রী জানান, গতকাল সকাল ৭টায় তিনি ডানবারকে অচেতন অবস্থায় পান। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানান তিনি। থেলমা বলেন, ‘গতকাল দিনটা তার জন্য দারুণ ছিল। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটিয়েছে, ভালোভাবে খেয়েছে। সে কিছুটা অসুস্থ জানতাম, তবে তা এতটা গুরুতর ছিল, ধারণা ছিল না।’

ব্রিটিশ ডিজে ডেভিড রোডিগান ডানবারকে ‘একজন সত্যিকারের আইকন’ এবং ‘সবচেয়ে বড় ড্রামারদের একজন’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন।
ডানবারের জন্ম জ্যামাইকার কিংস্টোনে। শৈশবে টিন ক্যান ব্যবহার করে ড্রাম বাজানো শুরু করেন তিনি। ১৯৯৭ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘লয়েড নিবস (জ্যামাইকান ড্রামার) ও দ্য স্কাটালাইটস ব্যান্ডের কনসার্ট দেখেই আমার মধ্যে ড্রামার হওয়ার স্বপ্ন উঁকি দিয়েছিল। কারণ, ব্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম ড্রামাররাই করে।’

রবি শেক্‌সপিয়ারের সঙ্গে

কিশোর বয়সে জ্যামাইকান বিশ্বখ্যাত বেজিস্ট রবি শেক্‌সপিয়ারের সঙ্গে পরিচয় হয় ডানবারের। এরপর তিনি ‘দ্য রেভোল্যুশনারি’ ব্যান্ডের রিদম সেকশনে যুক্ত হন।
১৯৮০ সালে ডানবার ও রবি শেক্‌সপিয়ার মিলে ‘ট্যাক্সি রেকর্ডস’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন। যেখানে নতুন প্রজন্মের জ্যামাইকান শিল্পীদের যেমন শাগি, স্কিপ মারলে, বিনি ম্যান, রেড ড্রাগনের সুযোগ করে দেওয়া হয়। একই সময়ে তাঁরা গ্রেস জোনসের ১৯৮১ সালের হিট অ্যালবাম ‘নাইটক্লাবিং’-এ ড্রাম বাজিয়েছিলেন।
রবি শেক্‌সপিয়ার একবার বলেছিলেন, নিজেদের অথবা অন্য শিল্পীদের মিলিয়ে তিনি ও ডানবার দুই লাখের বেশি রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন। প্রডিউসার ব্রায়ান ইনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রেগে (জ্যামাইকান একটি সংগীতের ধরন) রেকর্ড কিনলে প্রায় ৯০ শতাংশে ড্রামার হিসেবে স্লাই ডানবারকে পাওয়া যায়।’


বিবিসি অবলম্বনে