সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম
সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম

তিন তারকার ‘নারী যায় বাড়ি’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ গান ‘নারী যায় বাড়ি’। শহীদ মাহমুদ জঙ্গীর কথায় ও পিলু খানের সুরে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের তিন শিল্পী—সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। নারী দিবসের দিন, আগামী ৮ মার্চ গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস। গানটির অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খানের সঙ্গে অন্তরা, মাশা ও কোনাল

‘নারী যায় বাড়ি’ শিরোনামেই লুকিয়ে আছে এক চিরন্তন প্রশ্ন। বাপের বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি—জীবনের নানা পর্বে নারী ঘর বদলায়, কিন্তু নিজের বলে কোনো ঠিকানা কি সত্যিই তৈরি হয়? নিজের একটা ঘর না–পাওয়ার কষ্ট আর ‘নিজের বাড়ি কবে হবে’—এই গভীর প্রশ্নকে নিয়েই গানের মূল কথা।
গানটি প্রসঙ্গে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, নারীরা সারা জীবন যেন একটি নিজের ঘরের খোঁজে থাকে, কিন্তু সত্যিই কি কোনো দিন সে তার নিজস্ব ঘর খুঁজে পায়? এই চিরন্তন প্রশ্ন থেকেই তৈরি হয়েছে গান ‘নারী যায় বাড়ি’।
গানটির সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী (শহীদ মাহমুদ) ভাইয়ের সঙ্গে গত চার দশকে নানা বিষয় নিয়ে গান করেছি। এবার নারীর কথা নিয়ে একটি গান করলাম। নারীর জীবন আর তার মনের কথাগুলো সুরে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

‘নারী যায় বাড়ি’ গানের পোস্টার

সোমনূর মনির কোনাল প্রথম আলোকে বলেন, ‘গানটি জয় শাহরিয়ার ভাইয়ের উদ্যোগে করা, উনি মাঝেমধ্যেই এমন সুন্দর উদ্যোগ নেন। এবার অন্তরা ও মাশা—এই নতুন দুজনের সঙ্গে গানটি গাইলাম। সবচেয়ে বড় ব্যাপার হলো, শহীদ মাহমুদ জঙ্গী ভাই আর পিলু ভাইয়ের সঙ্গে গান গাইতে পারা আমার কাছে অনেক সম্মানের। গানটি সমাজের কাছে একটা বার্তার মতো। কারণ, নারীর আসলে নিজের কোনো বাড়ি নেই। সে কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি, আবার বৃদ্ধ হলে ছেলের বাড়িতে থাকে। নারীই ইট–দালানের বাসাকে “ঘর” বানায় অথচ তার নিজের বাড়ি কোনটা, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। মনে করি, সময় বদলেছে, নারীর নিজের অধিকার বুঝে নেওয়ার এবং নিজের বাড়ি কোনটা হবে, তা নিজেই ঠিক করার সময় এসেছে।’
মাশা প্রথম আলোকে বলেন, ‘গানটির থিম আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে নারীদের বা মায়েদের আসল বাড়ি কোনটি, এই চিন্তা আমাকে খুব টেনেছে। শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান আমাদের গানের জগতে দুই মহিরুহ। তাঁদের সঙ্গে কাজ করা যেকোনো শিল্পীর জন্যই স্বপ্ন। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর হয়েছে।’

গানটি নিয়ে অন্তরা বলেন, ‘একজন নারী হিসেবে এমন কথার গানে নিজেকে খুঁজে পেয়েছি। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের মতো বরেণ্য মানুষের সান্নিধ্য আমার জন্য পরম পাওয়া।’
৮ মার্চ থেকে ‘নারী যায় বাড়ি’ গানটি শোনা যাবে স্পটিফাই, অ্যামাজন থেকে সারা বিশ্বের সব জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানটির ভিডিও চিত্র প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে।