বিটিএসের সদস্যরা
বিটিএসের সদস্যরা

যুক্তরাষ্ট্রে বিটিএসের জনপ্রিয়তায় রেকর্ড

যুক্তরাষ্ট্রের সংগীতশ্রোতাদের মধ্যে বিটিএসের পরিচিতি ও জনপ্রিয়তা রেকর্ড পর্যায়ে রয়েছে।

সংগীতবিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান লুমিনেটের যুক্তরাষ্ট্রের সংগীতশ্রোতাদের নিয়ে করা দ্বিতীয় প্রান্তিকের জরিপ অনুযায়ী, দেশটির ৪২ শতাংশ সংগীতশ্রোতা বিটিএসকে চেনেন। গত বছরের তৃতীয় প্রান্তিকে দলটির পরিচিতি ছিল ৪৩ শতাংশ। অর্থাৎ সর্বোচ্চ রেকর্ডের খুব কাছাকাছি রয়েছে এবারও।

লুমিনেটের হিসাবে, সব শিল্পী মিলিয়ে গড় পরিচিতির হার ২৪ শতাংশ। সেই তুলনায় বিটিএসের পরিচিতি ১৮ শতাংশ বেশি। জরিপে থাকা ২২টি কে-পপ দলের গড় পরিচিতি মাত্র ১১ শতাংশ।

বয়সভেদেও বিটিএসের পরিচিতির পার্থক্য দেখা গেছে। ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ৪৩ শতাংশ বিটিএসকে চেনে। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৫৯ শতাংশ। আর ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের অর্ধেকের বেশি বিটিএস সম্পর্কে জানেন।

শুধু পরিচিতিই নয়, বিটিএসের প্রতি ইতিবাচক মনোভাবও বেড়েছে। দলটির সম্পর্কে জানেন—এমন সংগীতশ্রোতাদের মধ্যে ৪৬ শতাংশ বিটিএসকে পছন্দ করেন। ২০২১ সালে লুমিনেট জরিপ শুরু করার পর এটাই দলটির সর্বোচ্চ জনপ্রিয়তার হার। সে সময় এই হার ছিল ৩৪ শতাংশ।

জরিপে অংশ নেওয়া প্রতিটি বয়সীদের মধ্যেই বিটিএসের জনপ্রিয়তার হার ৪০ শতাংশের বেশি। ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এই হার সর্বোচ্চ, ৬০ শতাংশ।

ভিনাইল বিক্রিতেও রেকর্ড

বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহে ৫ লাখ ১৬ হাজার কপি বিক্রি হয়েছে। এর মধ্যে ভিনাইল বিক্রি হয়েছে প্রায় ২ লাখ ৮ হাজার কপি। অর্থাৎ মোট বিক্রির প্রায় ৪০ শতাংশই ভিনাইল।

১৯৯১ সালে অ্যালবাম বিক্রির তথ্য সংগ্রহ শুরু করার পর লুমিনেটের হিসাবে, কোনো সংগীত দলের অ্যালবামের ভিনাইল বিক্রিতে এটি সর্বোচ্চ রেকর্ড।
লুমিনেট বলছে, ভিনাইল বিক্রির এই হার কে-পপের প্রচলিত সিডিনির্ভর বিক্রির ধরন থেকে আলাদা। বরং এটি মূলধারার জনপ্রিয় পপ শিল্পীদের অ্যালবাম কেনার প্রবণতার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

স্ট্রিমিংয়েও ভালো অবস্থানে আছে ‘আরিরাং’। প্রকাশের প্রথম ১৬ সপ্তাহে অ্যালবামটির গানগুলো বিশ্বজুড়ে প্রায় ৫৭০ কোটি বার স্ট্রিম হয়েছে। একই সময়ে বিটিএসের পুরোনো গানগুলোর স্ট্রিমিংও বেড়েছে। সব মিলিয়ে ওই সময়ে দলটির গান ৮৭০ কোটি বার স্ট্রিম হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের বিরতিতে পরিবেশনার পর ‘আরিরাং’ আবার বিলবোর্ড ২০০-এর শীর্ষ ১০-এ উঠে আসে।

বিটিএসের রেকর্ড লেবেল বিগ হিট মিউজিকের ভাষ্য, যুক্তরাষ্ট্রে বিটিএস এখন শুধু ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দলটি মূলধারার সংগীতশ্রোতাদের মধ্যেও বড় একটি শ্রোতাগোষ্ঠী তৈরি করেছে।

কোরিয়া টাইমস অবলম্বনে