
শ্রীমঙ্গলের পাহাড়, চা-বাগান, সবুজে মোড়া প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য আর নৈসর্গিক সৌন্দর্যকে গানে ও দৃশ্যে তুলে এনে নির্মিত হয়েছে বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।
বিশেষ এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং যুক্তরাজ্যপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। বাংলা গানের শ্রোতাদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় নাম আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ও পাষাণী’, ‘এখনও মাঝে মাঝে’, ‘সাবাশ বাংলাদেশ’সহ তাঁর বহু গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা। অন্যদিকে চট্টগ্রামের মেয়ে রুবাইয়াত জাহান যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে পরিচিত একটি নাম। বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষার গানও পরিবেশন করেন তিনি।
লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন পরিচালক রাজা কাশেফ। শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করেছেন নির্মাতা সৈকত রেজা। মিউজিক্যাল ভিজ্যুয়ালে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে দেখা গেছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানকে।
সম্প্রতি রাজধানীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গানটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিউজিক্যাল ভিজ্যুয়ালটির মোড়ক উন্মোচন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘এটি একেবারেই ভিন্নধর্মী একটি কাজ। এ ধরনের গান আমি খুব কমই গেয়েছি। এখানে শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের কথা তুলে ধরা হয়েছে। গানটির অন্যতম উদ্দেশ্য শ্রীমঙ্গলকে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। এমন একটি ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুবই ভালো লাগছে।’
রুবাইয়াত জাহান বলেন, ‘আমরা সবাই মিলে একটি সুন্দর কাজ করার চেষ্টা করেছি। কাজটি দর্শক-শ্রোতাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। সবাই গানটি শুনবেন, ভিডিওটি দেখবেন—এটাই প্রত্যাশা।’
গানটির সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ বলেন, ‘আমরা সবাই মনপ্রাণ দিয়ে কাজটি করেছি। সবার সহযোগিতায় শ্রীমঙ্গলের সৌন্দর্য ও বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যকে বিশ্বের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতে চাই।’
রূপসী শ্রীমঙ্গল এখন ধ্রুব মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে রয়েছে গানটি।