শারমীন সুলতানা সুমী
শারমীন সুলতানা সুমী

‘ভুল করলে ক্ষমা চাইছি, হাল ছাড়িনি’—নারী দিবসে সুমীর খোলাচিঠি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের দীর্ঘ সংগ্রাম, সাফল্য ও অনুভূতির কথা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী। ছোট শহর থেকে উঠে এসে দুই দশকের বেশি সময় ধরে সংগীত ও সৃজনশীলতার জগতে নিজের অবস্থান তৈরি করা এই শিল্পী পোস্টে ফিরে দেখেছেন পথচলার নানা অভিজ্ঞতা, সংগ্রাম ও মানুষের ভালোবাসার কথা।

শারমীন সুলতানা সুমী

আজ রোববার সামাজিক মাধ্যমে প্রকাশিত সেই পোস্টে তিনি নিজের শিকড়ের কথা উল্লেখ করেন। লিখেছেন, খুলনার খালিশপুরের সুমী তিনি—ঝিনাইদহের শৈলকূপার প্রয়াত মকবুল হোসেন ও শেলী মকবুলের চতুর্থ কন্যা। প্রায় ২৪ বছর ধরে ব্যান্ডসংগীতের সঙ্গে এবং প্রায় ১৯ বছর ধরে বিজ্ঞাপনশিল্পে অসংখ্য ব্র্যান্ডের ক্রিয়েটিভ ও কৌশলগত কাজের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করেন তিনি।

শারমীন সুলতানা সুমী

সুমী লিখেছেন, ছোট শহর থেকে উঠে এসে থেমে না গিয়ে কাজ করে যাওয়াটাই ছিল তাঁর পথচলার মূল শক্তি। এ দেশের ধুলামাটির গল্পকে বড় করে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। অসংখ্য মানুষের সাহস হয়ে উঠতে পেরেছেন বলেও উল্লেখ করেন। প্রতিকূলতার মধ্যেও ভালোবাসা, হাসি আর মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন সব সময়।

শারমীন সুলতানা সুমী

পোস্টের একপর্যায়ে সুমী লিখেছেন, ভুল করলে ক্ষমা চেয়েছেন, কাউকে কষ্ট দিলে ‘সরি’ বলতে দেরি করেননি—তবে মাথা উঁচু করে পথচলা থামাননি। নারী হিসেবে আলাদা পরিচয়ের চেয়ে মানুষ হিসেবেই কাজ করে যেতে চেয়েছেন তিনি। নিজের দর্শন, কথা ও সুরে অসংখ্য গানপ্রেমীর হৃদয়ে জায়গা করে নেওয়ার কথাও তুলে ধরেন।
সুমীর ভাষ্যে, তিনি কখনো একা বড় হতে চাননি; বরং সবার মুখে হাসি ফুটিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়াকেই গুরুত্ব দিয়েছেন। পথে অপবাদ এসেছে, অভিযোগও উঠেছে—তবু হাল ছাড়েননি।

চিরকুট ব্যান্ডের দুই দশক পূর্তিতে গাইছেন শারমীন সুলতানা সুমী

পোস্টের শেষ অংশে শিল্পী বলেন, ‘জীবন ছোট এবং পৃথিবীর পথও দ্রুত বদলে যাচ্ছে। তাই হতাশার মধ্যেও ভালো থাকার উপকরণ খুঁজে নিতে হবে।’ কনসার্ট, স্টুডিও কিংবা বিজ্ঞাপনচিত্রের চিত্রনাট্য—যেখানেই থাকুন, কাজের মধ্যেই নতুন অধ্যায় তৈরি করে যেতে চান।

চিরকুট ব্যান্ডের দুই দশক পূর্তিতে গাইছেন শারমীন সুলতানা সুমী

একই সঙ্গে নারী দিবস উপলক্ষে সব প্রতিকূলতা ও অবহেলা সহ্য করে মুখে হাসি রেখে কাজ করে যাওয়া নারী-পুরুষনির্বিশেষে সবার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানান এই শিল্পী। তিনি নিজেকেও একটু সময় দেওয়ার আহ্বান জানিয়ে লেখেন—এবার সময় এসেছে নিজের প্রতিও একটু সদয় হওয়ার।