স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর খালাতো বোন নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
জানা গেছে, ডালিয়া নওশীন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতাল–বাসা–হাসপাতাল—এভাবেই চলছিল। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। এবার শারীরিক অবস্থার অবণতি হলে গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আজ দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সাদিয়া আফরিন মল্লিক জানান, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। ডালিয়া নওশীনের দুই ছেলে, একজন থাকেন যুক্তরাষ্ট্রে, আরেকজন স্পেনে।
বেগম ডালিয়া নওশিন একজন বাংলাদেশি নজরুল সংগীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। ডালিয়া নওশীন দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে।