সংগীতশিল্পী, অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বনানীর বাসায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, সংগীতশিল্পী আনান সিদ্দিকা।
রুশনাফ ওয়াদুদের বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন।
আনান সিদ্দিকা প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ যেদিন কথা হয়েছিল তখন ও বলেছিল, “আমি হয়তো বেশি দিন থাকব না।” এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও। শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও গাইতে ভালোবাসত। টুক টুক করে গান গাইত। আমি বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে; কিন্তু মানসিক আনন্দ দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না।’
রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন। গাওয়ার পাশাপাশি গীতিকার হিসেবে প্রশংসা পেয়েছেন। পরবর্তী সময়ে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেছেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।
আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’–এ ‘নগণ্য মানুষ’ শিরোনামেও গান গেয়েছেন রুশনাফ।
সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন তিনি।
রুশনাফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও শ্রোতাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকালিস্ট ফেসবুকে লিখেছেন, ‘বিদায় রুশনাফ ওয়াদুদ। মৃত্যু আনন্দের কিছু নয়, কিন্তু এমন দেশের নরক থেকে মুক্ত হওয়াও কি আনন্দময় মুক্তি নয়?’