আইইউ
আইইউ

সাবেক প্রেমিকের গান পোস্ট করে গুঞ্জন উসকে দিলেন আইইউ

দক্ষিণ কোরিয়ার গায়িকা ও অভিনেত্রী আইইউ আবারও আলোচনায়। সামাজিক যোগযোগমাধ্যমে সাবেক প্রেমিক জাং কি-হার ব্যান্ড কিহা অ্যান্ড দ্য ফেসেসের একটি গান ব্যবহার করায় তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন আইইউ। ছবিগুলোতে ছিল মেকআপহীন সেলফি, ফ্যাশন শুটের পেছনের দৃশ্য, নিজের সাম্প্রতিক জীবনের নানা মুহূর্ত। একটি ছবিতে দেখা যায়, জন্মদিনে ঐতিহ্যবাহী সামুদ্রিক শৈবালের স্যুপও খাচ্ছেন তিনি।

আইইউ

তবে ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে পোস্টে ব্যবহৃত গানটি। আইইউ সেখানে ব্যবহার করেছেন কিহা অ্যান্ড দ্য ফেসেসের ‘লিভিং দ্য কেয়ারফ্রি লাইফ’ গানটি। ২০০৯ সালে প্রকাশিত ব্যান্ডটির প্রথম অ্যালবামের শেষ গান এটি।

গানটি বেছে নেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। কারণ, জাং কি-হা ও আইইউ একসময় দক্ষিণ কোরিয়ার আলোচিত তারকা জুটি ছিলেন। ২০১৩ সাল থেকে তাঁদের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ২০১৫ সালে তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। ২০১৭ সালে প্রেম ভেঙে যায়।

সাবেক প্রেমিকের গান প্রকাশ্যে ব্যবহারের বিষয়টি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। কারও মতে, এমন গান ব্যবহার করা বর্তমান পরিস্থিতিতে সংবেদনশীলতার অভাব। আবার অনেকে মনে করছেন, একটি গান পছন্দ করলেই এর পেছনে বিশেষ কোনো অর্থ খোঁজা ঠিক নয়।

সম্প্রতি অভিনেতা লি জং-সকের সঙ্গে আইইউয়ের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসে। এর পরপরই সাবেক আরেক প্রেমিকের গান ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ বছর অবশ্য নানা কারণে খবরের শিরোনামে এসেছেন আইইউ। ‘পারফেক্ট ক্রাউন’ নাটককে ঘিরে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ ছাড়া কানের একটি সমস্যার উপসর্গ বেড়ে যাওয়ায় গোয়াংয়ে তাঁর কয়েকটি কনসার্ট স্থগিত করতে হয়েছে।

কোরিয়া টাইমস অবলম্বনে