আয়োজনটির সমন্বয়ক আকাশ গায়েন, সং জোন-এর ব্যবস্থাপনা পরিচালক অনুপ আইচ ও সাউন্ড প্রডিউসার আকরাম সিদ্দিকী। ছবি: উদ্যোক্তাদের সৌজন্যে
আয়োজনটির সমন্বয়ক আকাশ গায়েন, সং জোন-এর ব্যবস্থাপনা পরিচালক অনুপ আইচ ও সাউন্ড প্রডিউসার আকরাম সিদ্দিকী। ছবি: উদ্যোক্তাদের সৌজন্যে

ছুটবে মহাজনের নাও

ভাটি অঞ্চলের গান সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংগীত প্ল্যাটফর্ম ‘সং জোন’। উদ্যোগটির নাম ‘হাওরের গান’। প্রথম মৌসুমে থাকবে শেখ ভানু, দূরবীন শাহ, শাহ আবদুল করিম ও শাহ নূরজালালের লেখা আটটি গান। সং জোনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশ করা হবে। কণ্ঠ দেবেন ভাটি অঞ্চলেরই স্থানীয় বাউলেরা; তাঁদের কেউ সরাসরি শিষ্য, কেউবা পরম্পরায় গানগুলোর ধারক।

ভাটি অঞ্চলের ভাবগানের রয়েছে নিজস্ব ঢং। সৈয়দ শাহনূর, শিতালং ফকির, মাওলানা ইয়াসীন, শেখ ভানু, আরকুম শাহ, দীনহীন, রশিদউদ্দিন, জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সী, কামালউদ্দিন, মুজিবুর বয়াতি, তৈয়ব বয়াতি, কালা শাহ, দূরবীন শাহ, শাহ আবদুল করিম, ক্বারী আমিরউদ্দিন—অনেক দিন ধরে চলে আসছে এই পরম্পরা। ভাটি অঞ্চলের প্রধান বাউল পদকর্তাদের মধ্যে অন্যতম শাহ আবদুল করিম।

তাঁর বন্দনা গান ‘ও হে সর্বশক্তি’ প্রকাশের মধ্য দিয়েই ১৭ অক্টোবর শুরু হয় এই উদ্যোগ। নিজেকে স্রষ্টার কাছে সমর্পণ করে শুরু হয় বাউলগানের আসর। সূচনাপর্বের সংগীতই হলো বন্দনা গান। এ পর্বে নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র জ্ঞান করে স্রষ্টার মাহাত্ম্য, প্রশংসা, স্তুতি গেয়ে থাকেন বাউলের।

আজ শুক্রবার মুক্তি পাচ্ছে বাউল আবদুর রহমানের গাওয়া ‘থাকবে না রে হাওয়ার পাখি মাটির পিঞ্জিরায়’। ছবি: উদ্যোক্তাদের সৌজন্যে

বন্দনা গানটি গেয়েছেন হবিগঞ্জের জলসুখা গ্রামের করিম–শিষ্য শ্যামলা। এই বাউল–সাধিকার মা–বাবা দুজনই ছিলেন করিমের ভক্ত-শিষ্য। জন্মলগ্নে পিতামাতা দুজনই মুর্শিদ করিম শাহকে কন্যাশিশুর নাম রাখতে অনুরোধ করেন। করিম শাহ শিশুটির নাম রাখেন শ্যামলা। শিশুকাল থেকেই বাউল করিমের গানের সঙ্গে বেড়ে ওঠেন শ্যামলা। জীবনের কোনো দুঃখ, জরা, গ্লানি তাঁকে মুর্শিদ শাহ আবদুল করিমের গান থেকে বিচ্যুত করতে পারেনি।

‘হাওরের গান’-এর প্রথম মৌসুমের গানগুলোতে আরও কণ্ঠ দিয়েছেন বাউল আবদুর রহমান, বাউল এমরান, দুখু মিয়া, বাউলিয়ানা ফয়সাল ও শাহ মুহাম্মাদ শিপন। প্রতি সপ্তাহে একটি করে গান—এ ধারাবাহিকতায় আজ শুক্রবার মুক্তি পাবে দ্বিতীয় গান, ‘থাকবে না রে হাওয়ার পাখি মাটির পিঞ্জিরায়’। এতে কণ্ঠ দিয়েছেন বাউল আবদুর রহমান।

ভাটি অঞ্চলের গানের মহাজনেরা সবাই তাঁদের পূর্ববর্তী মহাজনদের সঙ্গ করে, সেবা করে গানের ভাবধারা ঠিক রেখেছেন। দীর্ঘ ৩৬ বছর গুরু শাহ আবদুল করিমের সঙ্গ করেছেন বাউল আবদুর রহমান। ভাব-সংগীতের পেছনে পার করেছেন গোটা জীবন। বর্তমান সময়ে এই পরম্পরার তিনি প্রবীণ কান্ডারি। তাঁর স্বরচিত প্রায় পাঁচ শ গান এ সময়ের বাংলা ভাবগানকে প্রতিনিধিত্ব করে। এই পাঁচ শ গানের একটি হলো ‘থাকবে না রে হাওয়ার পাখি মাটির পিঞ্জিরায়’। আধ্যাত্মিক এই গানে সাধক মানবদেহ খাঁচা ছেড়ে প্রাণপাখি উড়ে যাওয়ার মহাকালীন সত্যটিকে নানা ঢঙে তুলে ধরেছেন।

আয়োজনটির সমন্বয়ক ও গবেষক আকাশ গায়েন। আয়োজনটি নিয়ে জানতে চাইলে অতীতে ফিরে গেলেন তিনি। শোনালেন গানের খোঁজে ভাটি অঞ্চল সফরের গল্প, ‘২০১৬ সালে নেত্রকোনা থেকে সফর শুরু করেছিলাম। রশিদউদ্দিন, জালালউদ্দিন খাঁ থেকে উকিল মুন্সী—তাঁদের বাড়ি হয়ে আমি গিয়েছি বাউল শাহ আবদুল করিমের বাড়ি। দেখলাম, বাউলদের ঘরকেন্দ্রিক যে চর্চাটা, সেটি তাঁর বাড়িতে আছে। বাড়িতে বাউলেরা থাকছেন, খাচ্ছেন; যেন জীবনে আর কোনো কাজ নেই, ভাবচর্চাই মূল কাজ। আমিও যুক্ত হলাম।’ এই গবেষক জানান, মূলত সঠিক তথ্য সংগ্রহ করতেই বাউলদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। যেন বাউলতত্ত্ব জানতে আগ্রহীদের জন্য তাঁর লিপিবদ্ধ করা তথ্য সহায়ক হয়। ‘হাওরের গান’ আয়োজনের মাধ্যমে তিনি দেখাতে চান, স্থানীয়ভাবে বাউলচর্চাটা কীভাবে হয়। ‘আমরা সাউন্ডটা তুলে আনার চেষ্টা করেছি,’ বলেন আকাশ গায়েন।

‘সং জোনের পরিচালক অনুপ আইচও ‘স্থানীয়’ ব্যাপারটি ধরে রাখার ওপর জোর দিলেন বেশি। তাঁর ভাষ্যে, ‘বাতাসের শব্দ, পানির শব্দের মাঝে একটা দোতারার শব্দ, ব্যঞ্জোর শব্দ মিলিয়ে আমরা এখানে যে অর্গানিক ফিল পাচ্ছি, এটা কিন্তু আসলে একটা মোমেন্টাম তৈরি করে।’

এই আয়োজনের শিল্পীদের বিষয়ে অনুপ আইচ বলেন, ‘এখানকার অনেকেই সেই অর্থে বড় গায়ক নন বা সেভাবে পরিচিত নন। তবে তাঁদের দরদ, বিশ্বাস, গানের সঙ্গে একাত্ম হয়ে যাওয়াটা আমরা নিয়ে আসতে চেয়েছি। বড় শিল্পীকে দিয়ে আমরা স্টুডিওতে রেকর্ড করতে পারতাম, কিন্তু আমরা যথাযথ জিনিসটা খুঁজতে চেয়েছি।’

সাউন্ড ইঞ্জিনিয়ার আকরাম সিদ্দিকী বলেন, ‘এ ধরনের গান অনলাইনে আপনি সহজেই পাবেন। কিন্তু কোনোটারই যথাযথ সাউন্ড পাবেন না। আমরা যে সাউন্ডটা নিয়ে এসেছি, শুনলে শ্রোতাদের মনে হবে যেন সামনে বসে বাউল আসর শুনছেন।’