আতিফ আসলাম
আতিফ আসলাম

ঢাকায় আতিফ আসলামের স্থগিত কনসার্টটি হতে যাচ্ছে

গত বছরটা ভালো যায়নি দেশের সংগীতপ্রেমীদের। নিরাপত্তাসংকটে বাতিল হয়েছে একাধিক আন্তর্জাতিক ও দেশীয় কনসার্ট। পাকিস্তানের আজমত আলী থেকে ভারতের অনুভ জৈন, পাকিস্তানি জাল ব্যান্ড থেকে কাবিশ, আতিফ আসলামের কনসার্ট স্থগিত হয়। এসব আয়োজন থেকে এখনো টিকিটের টাকা ফেরত পাননি অনেক দর্শক। সংগীত ও কনসার্ট বিষয়ক ফেসবুকের বিভিন্ন গ্রুপে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। তবে এরই মাঝে সুখবর দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্টটি হতে যাচ্ছে। শুধু তা–ই নয়, প্রতিশ্রুতি অনুযায়ী পূর্বের টিকিটধারীদের কাছে পৌঁছে যাবে নতুন টিকিট।

আতিফ আসলাম

গত বছরের ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। মেইন স্টেজ তখন জানিয়েছিল, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি এও জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে।

আতিফ আসলাম

কনসার্টটি বাতিলের পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে ফেসবুকেও পোস্ট দেন আতিফ। ফেসবুকে তিনি জানান, কনসার্টটি করতে নতুন তারিখে শিগগির ঢাকায় আসবেন তিনি। এও জানান, পুরোনো টিকিটেই কনসার্টটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। এরপর পেরিয়ে গেছে ছয় মাস। এরই মাঝে প্রতিষ্ঠানটি জানাল, আগামী ২৪ জুলাই ঢাকায় পারফর্ম করবেন আতিফ। আগের টিকিটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকিটও বিক্রির জন্য উন্মুক্ত করা হবে, যাতে নতুন দর্শকেরাও এই বিশেষ আয়োজনের অংশ হতে পারেন। টিকিট বিক্রির তারিখ, ক্যাটাগরি, মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আগামী ২৪ জুলাই ঢাকায় পারফর্ম করবেন আতিফ

মেইন স্টেজ–এর নির্বাহী কাজী রাফসান বলেন, ‘গত বছর অনুষ্ঠানটি স্থগিত হওয়ার পর আমরা হাজারো দর্শকের কাছ থেকে একটি প্রশ্ন শুনেছি—“শোটি কি আবার হবে?” তখন আমরা বলেছিলাম, “হ্যাঁ, আমরা ফিরে আসব। আমরা আনন্দের সঙ্গে বলতে পারি, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে আমরা প্রয়োজনীয় সব অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন, অপেক্ষা করেছেন এবং বিশ্বাস করেছেন যে আমরা আমাদের কথা রাখব, তাঁদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত বছরের অসমাপ্ত একটি অধ্যায়কে পূর্ণতা দিতেই আমরা আবারও এ আয়োজন নিয়ে ফিরছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।”’

আগের টিকিটধারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
মেইন স্টেজ জানিয়েছে, ‘গত বছর এ আয়োজনের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন এবং রিফান্ড গ্রহণ করেননি, তাঁদের টিকিট নতুন এই আয়োজনের জন্য সম্পূর্ণ বৈধ থাকবে। কোনো অতিরিক্ত মূল্য ছাড়াই তাঁরা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। অন্যদিকে, যাঁরা পূর্বে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তাঁরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের রিফান্ড আবেদন প্রত্যাহার করতে পারবেন। আবেদন যাচাই সাপেক্ষে তাঁদের জন্য পুনরায় টিকিট সক্রিয় করা হবে এবং টিকিট–সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।’

‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় আতিফ আসলাম। আগেও বেশ কয়েকবার ঢাকা এসেছেন আতিফ।