গায়িকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি গত শুক্রবার বিয়ে করেছেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। বিয়ের পর নিজের জীবনের বিশেষ একটি মুহূর্ত ফিরে দেখেছেন ট্রাভিস কেলসি। স্ত্রী টেইলর সুইফটকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময়ের কথা জানিয়েছেন তিনি।
৮ জুলাই ট্রাভিস ও তাঁর ভাই জেসন কেলসি তাঁদের জনপ্রিয় পডকাস্ট ‘নিউ হাইটস’-এর সিজন ফিনালে প্রকাশ করেন। অতিথি ছিলেন সাবেক এনএফএল তারকা টম ব্র্যাডি। সেখানে ট্রাভিস জানান, টেইলরের সঙ্গে পডকাস্টের একটি পর্ব রেকর্ড করার সময়ই তিনি বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ২০২৫ সালের ২৬ আগস্ট টেইলরকে বিয়ের প্রস্তাব দেন কেলসি।
ট্রাভিস বলেন, ‘নতুন সিজনের প্রথম পর্ব টেইলরকে দিয়ে শুরু করা ছিল দারুণ এক মুহূর্ত। তখনই আমি ঠিক করেছিলাম, রেকর্ডিং শেষে তাকে বিয়ের প্রস্তাব দেব। মাথায় কত কিছু যে ঘুরছিল।’
টেইলর ও ট্রাভিসের বিয়ের আয়োজন ছিল বড় পরিসরের হলেও অনেকটাই গোপনীয়। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে সাজানো হয়েছিল বাগানের মতো করে। অনুষ্ঠানের সাজসজ্জায় ছিল সবুজের ছোঁয়া।
বিয়ের পরের আয়োজনে গান পরিবেশন করেন বিটলসের সদস্য পল ম্যাককার্টনি। তিনি গেয়েছেন বিটলসের জনপ্রিয় গান ‘আই ওয়ান্ট টু হোল্ড ইয়োর হ্যান্ড’। এ ছাড়া টেইলরের দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী স্টিভি নিকসও পারফর্ম করেন।
অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ রুমাল রাখা হয়েছিল। আবেগঘন মুহূর্তে ব্যবহারের জন্য এগুলো দেওয়া হয়। অনুষ্ঠানজুড়ে টেইলর ও ট্রাভিসকে খুব আনন্দিত দেখা গেছে। অতিথিদের জন্য ছিল নানা ধরনের খেলা, র্যাফলসহ বিভিন্ন আয়োজন।
বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল এক হাজারের বেশি। ভ্যারাইটি জানিয়েছে, যাঁরা আমন্ত্রণ পেয়েছিলেন, তাঁদের কাছে ওয়াটারমার্কযুক্ত ডিজিটাল আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। সঙ্গে ছিল গোপনীয়তা রক্ষার চুক্তিপত্র (এনডিএ), যাতে অনুষ্ঠানের তথ্য প্রকাশ না করা হয়। সেভাবেই নাকি তারকারা উপস্থিত হয়েছিলেন।
আলোচিত এই দুই তারকার বিয়ে হয় নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। এই বিয়ের আসরে ঢুকতে দেখা গেছে এড শিরান, ব্র্যাডলি কুপার, জোয়ে ক্রাভিটজ, জ্যাক অ্যান্টোনফ, জিজি হাদিদ, ডাকোটা জনসন, ইথান হক, জেসন সুদেইকিস, হিউ গ্রান্ট ও ক্যামিলা কাবেইয়োকে।
এ ছাড়া আরও অনেক তারকাই নাকি গোপনে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এমনটাই লিখেছে ভ্যারাইটি। সূত্রটি আরও লিখেছে, এমন অতিথিদের মধ্যে আরও ছিলেন টম হ্যাঙ্কস, স্টিভেন স্পিলবার্গ, পল ম্যাককার্টনি, সাশা ব্যারন কোহেন, এএমসি থিয়েটার্সের প্রধান নির্বাহী অ্যাডাম অ্যারন, ডিজনির সাবেক প্রধান নির্বাহী বব আইগারসহ অনেকে।
পিপল ডট কম অবলম্বনে