‘আমি সবে অনার্স পাস করেছি। এই মুহূর্তে আমার গার্লফ্রেন্ড খুব চাপ দিচ্ছে বিয়ে করতে। প্রায় প্রতি সপ্তাহে তাকে ছেলেপক্ষ দেখতে আসে। খুব মানসিক চাপে আছি। ক্যারিয়ারে কোনোভাবেই ফোকাস করতে পারছি না। আমরা কি পালিয়ে বিয়ে করে ফেলব? তাকে ছেড়ে দিলে আমি হয়তো বাঁচব না। এখন আমি কী করতে পারি?’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঠিয়েছেন তাঁর এই সমস্যার কথা।
উত্তরে মনোরোগ–বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার বলেন, ‘আপনার নিজের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টাকে মীমাংসা করে নিন, পালিয়ে কেন যাবেন?’ জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলা যোগ করেন, ‘জীবন কারও জন্য থেমে থাকে না, বাঁচতে হয় নিজের জন্য। কিছুদিন হতাশা থাকবে, তারপর আবার শক্ত হয়ে দাঁড়ানোর শক্তি পাওয়া যায়।’
নাবিলার কথার সঙ্গে সহমত জানান কথাসাহিত্যিক আনিসুল হক। দর্শকের পাঠানো জীবনঘনিষ্ঠ প্রশ্ন–উত্তর নিয়ে হাতিল নিবেদিত প্রথম আলো ডটকমের বিশেষ অনুষ্ঠানে কথা হয় এ বিষয়ে। প্রেম–ভালোবাসা–বিয়ে–সংসার—সম্পর্কের নানা সময়ে অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে বুঝতে পারেন না অনেকেই।
অনেক সময় নিতে পারেন না সঠিক সিদ্ধান্তও। মনের মধ্যে সারাক্ষণ বাজে একটাই প্রশ্ন—কী যে করি এখন? সম্পর্কের এমন জটিলতা নিয়ে দর্শক–পাঠকদের পাঠানো সমস্যা ও প্রশ্নের পরামর্শ–বিশ্লেষণমূলক আয়োজন ‘লাভ জিপিটি: গভীর প্রেমের টিপস’।
কথাসাহিত্যিক আনিসুল হকের সঞ্চালনায় পরামর্শ দেন মনোরোগ–বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার ও অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলা। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল ১৪ ফেব্রুয়ারি রাত আটটায় প্রথম আলো ডটকম, প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
আরেক দর্শক প্রশ্ন করেন, ‘আমি আগে কখনো প্রেম করিনি। সম্প্রতি একটা নতুন প্রেম করছি। জানতে চাই, কীভাবে বুঝব আমি রিয়েল লাভে আছি?’
উত্তরে ডা. মেখলা বলেন, ‘আসলে কারও প্রতি আগ্রহ বা মোহগ্রস্ততা ধীরে ধীরে গভীর প্রেমে রূপ নেয়। প্রেম হচ্ছে দুজনের চমৎকার ভ্রমণ। তাই এই ভ্রমণে যত সময় গড়াবে, আপনি নিজেই বুঝতে পারবেন, সেটা রিয়েল প্রেম কি না।’
এ বিষয়ে মাসুমা রহমান নাবিলা বলেন, ‘আপনি যখন দেখবেন, এই প্রেমের কারণে আপনার ব্যক্তিত্ব ও অবস্থান অপেক্ষাকৃত ভালো হচ্ছে, তখনই বুঝবেন আপনার প্রেমটি রিয়েল প্রেম।’
কথাসাহিত্যিক আনিসুল হকও অতিথি দুজনের সঙ্গে একমত হন। এ ছাড়া দর্শকদের পাঠানো আরও কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া হয় অনুষ্ঠানটিতে। ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, দেখা হয়নি সরাসরি অথচ সম্পর্কটাকে স্থায়ী রূপ দেওয়ার ব্যাপারে পরামর্শ চেয়েছেন একজন। অতিথি দুজন ও সঞ্চালক—সবাই এই সমস্যার সমাধানে পরস্পর দেখা করে তারপর সিদ্ধান্ত নিতে বলেন। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে প্রতারিত হওয়ার ঘটনা আমাদের আশপাশে কম নয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বোঝাপড়া’ কবিতা থেকে কিছু অংশ আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন কথাসাহিত্যিক আনিসুল হক। সীমিত ব্যাপ্তির অনুষ্ঠানটিতে দর্শকের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাই দর্শক–পাঠকদের প্রশ্নগুলো নিয়ে ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি হয়েছে ‘lovegpt.pro’ শিরোনামের মাইক্রোসাইট। যেখানে চাইলে যে কেউ ভালোবাসা–সম্পর্ক নিয়ে যেকোনো সমস্যার বা প্রশ্ন জানাতে পারবেন। বাছাই করা প্রশ্নের বিষয়ে পরামর্শ দেবেন ডা. মেখলা সরকার, যেগুলো থাকবে ওই মাইক্রোসাইটেই।