টালিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক—এই নামেই সবাই তাঁকে চেনেন। এই নামেই তিনি পেয়েছেন জনপ্রিয়তা। কিন্তু জানেন কি, ‘কোয়েল’ নামটি এই টালিউড অভিনেত্রীর আসল নাম নয়। দীর্ঘদিন তাঁর আসল নাম গোপনই ছিল। তবে এই নাম বদলের পেছনে রয়েছে অনিচ্ছাকৃত এক ভুল, যার নেপথ্যে ছিলেন এক পরিচালক।
সম্প্রতি বর্তমান ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘আমার প্রথম সিনেমা “নাটের গুরু”, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হরকাকু আমার আসল নাম জানতেন না। কোয়েল আমার ডাকনাম হলেও কাছের মানুষজনই শুধু এই নামে ডাকতেন। তাই হরকাকু ভেবেছিলেন, এটাই আমার আসল নাম।’
কোয়েল আরও বলেন, ‘আমাকে না জিজ্ঞেস করেই তিনি সিনেমায় আমার নাম কোয়েলই দিয়ে দেন। তার পর থেকেই এই নাম থেকে যায়। আমার আসল নাম কিন্তু রুক্মিণী। আমার পুরো নাম রুক্মিণী মল্লিক—এটাই আমার সার্টিফিকেট নাম।’ কোয়েলের আসল নাম যদি ব্যবহার করা হতো, তাহলে এই মুহূর্তে টালিউডে দুজন রুক্মিণী থাকতেন।
বর্তমানে কোয়েল অভিনীত ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ ছবিটি বড় পর্দায় চলছে। এর আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে কামব্যাক করেছেন অভিনেত্রী। সামনে দেবের বিপরীতে ‘খাদান ২’ ছবিতে তাঁর কাজ করার কথাও শোনা যাচ্ছে।