
একজন অপু, যাঁর চোখে স্বপ্ন আর অনিশ্চয়তা। একজন ফেলুদা, যাঁর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে কিছুই যাওয়ার নয়। আবার একজন ক্ষিতীশ সিংহ, যিনি প্রতিকূলতার মুখেও লড়াই ছাড়তে শেখেননি। পর্দায় এই মানুষগুলোর প্রত্যেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়। অথচ কোনো একটি চরিত্রে তাঁকে আটকে রাখা যায় না। যেমন যায় না শুধু অভিনেতার পরিচয়েও। পর্দার বাইরে কবিতা, আবৃত্তি, মঞ্চ, পত্রিকা সম্পাদনা ও ছবি আঁকার জগৎ মিলিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের আরেক ভুবন।
আজ ১৫ নভেম্বর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী। ২০২০ সালের এই দিনে তাঁর মৃত্যু হয়। তাঁকে ফিরে দেখার অর্থ তাই কেবল কয়েকটি স্মরণীয় চরিত্রের কথা বলা নয়; এমন এক শিল্পীকে চেনার চেষ্টা, যাঁর সৃষ্টির পরিসর বাংলা চলচ্চিত্রের সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত।
বাংলা চলচ্চিত্রে সৌমিত্রের আবির্ভাব এমন এক সময়ে, যখন উত্তমকুমার বাঙালির রোমান্টিক কল্পনার প্রধান মুখ। তাঁর বিপুল জনপ্রিয়তার মধ্যে নতুন একজন অভিনেতার নিজের জায়গা করে নেওয়া সহজ ছিল না। সৌমিত্র সেই জায়গা খুঁজেছিলেন নিজস্ব অভিনয়ভাষায়। উত্তমকুমারের সঙ্গে তাঁর তুলনা হয়েছে বারবার, কিন্তু পর্দায় দুজনের উপস্থিতি, ব্যক্তিত্ব ও চরিত্র নির্মাণের ধরন ছিল আলাদা। সেই পার্থক্যই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে।
অপুর চোখে নতুন এক অভিনেতা
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে সৌমিত্রের চলচ্চিত্রযাত্রা শুরু। প্রথম ছবিতেই তিনি এমন এক তরুণকে জীবন্ত করে তোলেন, যার স্বপ্ন আছে, অভাব আছে, ভালোবাসা আছে, আছে গভীর শোক। অপুর আবেগকে বড় করে দেখানোর বদলে তার দৈনন্দিন আচরণ, নীরবতা ও দ্বিধার মধ্যে প্রকাশ করেছিলেন তিনি। পর্দায় চরিত্রটি তাই দূরের কেউ হয়ে থাকেনি; হয়ে উঠেছিল চেনা এক মানুষ।
সত্যজিতের ছবিতে পরবর্তী সময়ে সৌমিত্রকে পাওয়া গেছে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রূপে। ‘চারুলতা’র অমল, ‘অভিযান’-এর নরসিংহ, ‘অরণ্যের দিনরাত্রি’র অসীম কিংবা ‘ঘরে বাইরে’র সন্দীপ—প্রত্যেকের স্বভাব, আকাঙ্ক্ষা ও নৈতিক অবস্থান আলাদা। চরিত্র বদলের সঙ্গে বদলেছে তাঁর কণ্ঠ, শরীরী ভাষা ও দৃষ্টির ব্যবহার।
এই স্বাভাবিকতার পেছনে ছিল নিবিড় প্রস্তুতি। ‘চারুলতা’র অমল হয়ে উঠতে তাঁকে আয়ত্ত করতে হয়েছিল উনিশ শতকের উপযোগী বাংলা হাতের লেখার ধরনও। সংলাপ মুখস্থ করা বা বাহ্যিক চেহারা বদলানোর বাইরেও চরিত্রের সময় ও পরিবেশের মধ্যে প্রবেশের চেষ্টা ছিল তাঁর। সেই প্রস্তুতিই অভিনয়কে বিশ্বাসযোগ্য করে তুলত।
সৌমিত্রের অভিনয়ের বড় শক্তি ছিল সংযম। চোখের সামান্য পরিবর্তন, কণ্ঠের ওঠানামা কিংবা সংলাপের মাঝখানের বিরতি দিয়েও চরিত্রের মনের খবর পৌঁছে দিতে পারতেন। আবার চরিত্রের প্রয়োজনে তীব্রতা প্রকাশেও ছিলেন সমান দক্ষ। ‘অভিযান’-এর রুক্ষ নরসিংহ আর ‘অপুর সংসার’-এর সংবেদনশীল অপুর মধ্যে দূরত্ব যতখানি, সেই দূরত্ব অতিক্রমের সামর্থ্যই তাঁর অভিনয়প্রতিভার পরিচয়।
ফেলুদা হয়ে সৌমিত্র অর্জন করেছিলেন অন্য রকম এক স্থায়িত্ব। ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’-এ বুদ্ধি, আত্মবিশ্বাস, পর্যবেক্ষণক্ষমতা ও পরিমিত রসবোধ মিলিয়ে গোয়েন্দা চরিত্রটিকে পর্দায় প্রতিষ্ঠা করেন। বহু দর্শকের কাছে বইয়ের ফেলুদা আর সৌমিত্রের মুখ একাকার হয়ে গেছে।
সত্যজিতের বাইরেও বিস্তৃত পরিসর
সত্যজিৎ রায়ের সঙ্গে সৌমিত্রের সৃজনশীল সম্পর্ক বাংলা চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সেই সম্পর্ক দিয়েই তাঁর সমগ্র অভিনয়জীবনকে ব্যাখ্যা করা যায় না। তপন সিংহ, মৃণাল সেন, তরুণ মজুমদার, অজয় করসহ বিভিন্ন পরিচালকের ছবিতে তিনি নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন।
তপন সিংহের ‘ঝিন্দের বন্দী’–তে ময়ূরবাহনের চরিত্র সৌমিত্রের উল্লেখযোগ্য উদাহরণ। উত্তমকুমারের সঙ্গে প্রথমবার একই ছবিতে অভিনয় করতে এসে সৌমিত্র নজর কেড়েছিলেন নেতিবাচক চরিত্রে। ময়ূরবাহনের ঔদ্ধত্য, আকর্ষণ ও নিষ্ঠুরতা তাঁর অভিনয়ে পেয়েছিল স্বতন্ত্র মাত্রা। পর্দার দুই অভিনেতার ভিন্ন উপস্থিতিই ছবিটির নাটকীয়তাকে আরও উপভোগ্য করে তুলেছিল।
আবার ‘কোনি’–তে ক্ষিতীশ সিংহ হয়ে সৌমিত্র তুলে ধরেন এক প্রশিক্ষকের জেদ ও স্বপ্ন। প্রতিভাকে চিনে নেওয়া, তাকে গড়ে তোলা এবং প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর লড়াই চরিত্রটিকে স্মরণীয় করেছে। মূলধারার জনপ্রিয় ছবি থেকে ভিন্ন মেজাজের চলচ্চিত্র—সৌমিত্রের অভিনয়ের ক্ষেত্র ছিল বিস্তৃত। চরিত্রের গুরুত্ব শুধু তার দৈর্ঘ্যে নয়, তাকে কতটা জীবন্ত করে তোলা যায়, সেখানেও খুঁজেছেন নিজের কাজের সার্থকতা।
ক্যামেরার বাইরে কবি ও সম্পাদক
শুটিংয়ের ব্যস্ততার বাইরেও সৌমিত্রের জীবনে বই ও কবিতার জন্য জায়গা ছিল। নিয়মিত কবিতা লিখেছেন, প্রকাশিত হয়েছে একাধিক কাব্যগ্রন্থ। সাহিত্য তাঁর কাছে অবসরের সঙ্গীমাত্র ছিল না; নিজের ভাবনা প্রকাশেরও একটি জরুরি মাধ্যম। নির্মাল্য আচার্যের সঙ্গে ‘এক্ষণ’ পত্রিকা সম্পাদনা সৌমিত্রের সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৬১ সালে যাত্রা শুরু করা পত্রিকাটির নাম দিয়েছিলেন সত্যজিৎ রায়; প্রচ্ছদও এঁকেছেন তিনি। সাহিত্য, শিল্প ও চিন্তাচর্চার একটি উল্লেখযোগ্য পরিসর হয়ে উঠেছিল ‘এক্ষণ’। একজন প্রতিষ্ঠিত অভিনেতার পত্রিকা সম্পাদনায় এই সম্পৃক্ততা তাঁর পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তিক আগ্রহের গভীরতার পরিচয় দেয়। কবিতা লেখা ও আবৃত্তি—দুই ক্ষেত্রেই সৌমিত্রের ছিল নিজস্ব কণ্ঠ। আবৃত্তিতে শব্দের স্পষ্টতা, ছন্দের বোধ ও আবেগের পরিমিত ব্যবহার তাঁর পাঠকে আলাদা করে তুলেছিল। কবিতার অর্থকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তার অন্তর্গত সুরটিও ধরতে পারতেন তিনি। ছবি ও স্কেচও এঁকেছেন। তাঁর আঁকা কাজ নিয়ে প্রদর্শনী হয়েছে। অভিনয়, কবিতা, আবৃত্তি কিংবা চিত্রচর্চা—এসবের মধ্যে ছিল অভিজ্ঞতার আদান-প্রদান। সাহিত্যপাঠ অভিনেতা সৌমিত্রকে সমৃদ্ধ করেছে, অভিনয়ের অভিজ্ঞতা গভীর করেছে তাঁর কণ্ঠের প্রকাশকে।
মঞ্চে নিজেকে নতুন করে খোঁজা
চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার পরও মঞ্চের আকর্ষণ হারাননি সৌমিত্র। অভিনয়ের পাশাপাশি নাটক লিখেছেন, নির্দেশনা দিয়েছেন। মঞ্চে দাঁড়িয়ে দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁর শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিল। ১৯৭৮ সালে ‘নাম জীবন’ দিয়ে সৌমিত্রের মঞ্চচর্চায় নতুন পর্বের সূচনা হয়। এরপর ‘রাজকুমার’, ‘ফেরা’, ‘নীলকণ্ঠ’সহ বিভিন্ন প্রযোজনায় কাজ করেছেন। শেক্সপিয়ারের ‘কিং লিয়ার’ অবলম্বনে ‘রাজা লিয়ার’ নাটকে তাঁর অভিনয় বিশেষভাবে আলোচিত হয়। বয়স, ক্ষমতা, নিঃসঙ্গতা ও অসহায়তার জটিল অনুভূতি প্রকাশে সেখানে দেখা গেছে তাঁর অভিনয়ের আরেক উচ্চতা। মঞ্চ সৌমিত্রের কাছে ছিল নিজেকে যাচাই করার জায়গাও। চলচ্চিত্রের পরিচিত মুখ হয়েও বারবার ফিরেছেন এমন এক মাধ্যমে, যেখানে প্রতিটি অভিনয় নতুন করে নির্মিত হয় দর্শকের সামনে। সমাজ ও রাজনীতি সম্পর্কেও সৌমিত্র ছিলেন সচেতন। নানা সময়ে নিজের মত প্রকাশ করেছেন, সাংস্কৃতিক ও নাগরিক পরিসরে সক্রিয় থেকেছেন। বই, লিটল ম্যাগাজিন, নাটক ও আড্ডাকে ঘিরে বাঙালির যে বুদ্ধিবৃত্তিক জগৎ, তার সঙ্গেও তাঁর ছিল গভীর সংযোগ। শিল্পচর্চা ও নিজের সময়ের সঙ্গে এই নিবিড় সম্পর্ক তাঁর ব্যক্তিত্বকে পূর্ণতা দিয়েছিল।
বয়সের সঙ্গে বদলেছে অভিনয়
জীবনের শেষ পর্বেও সৌমিত্রের কাজের আগ্রহ অটুট ছিল। বয়স বাড়ার সঙ্গে চরিত্র বদলেছে, বদলেছে অভিনয়ের প্রকাশও। তরুণ নায়কের পরিচিতি পেছনে ফেলে বার্ধক্য, স্মৃতি ও নিঃসঙ্গতার জটিল অনুভূতিকে পর্দায় তুলে এনেছেন। ‘দেখা’য় দৃষ্টিশক্তি হারানো কবি, ‘পদক্ষেপ’-এ অবসরপ্রাপ্ত মানুষের জীবনসংকট কিংবা ‘ময়ূরাক্ষী’–তে স্মৃতির সমস্যায় আক্রান্ত বৃদ্ধ অধ্যাপক—এসব চরিত্রে সৌমিত্রেরর অভিনয় নতুন গভীরতা পেয়েছে। ‘বেলাশেষে’–তেও দাম্পত্যের দীর্ঘ অভিজ্ঞতা ও সম্পর্কের টানাপোড়েন তাঁর অভিনয়ে দর্শককে স্পর্শ করেছে। ছয় দশকের বেশি সময়ের চলচ্চিত্রজীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র। তবে সংখ্যার চেয়ে বড় হয়ে আছে সেই চরিত্রগুলোর বৈচিত্র্য। পরিচিত ভঙ্গির ওপর নির্ভর না করে বয়স ও অভিজ্ঞতার সঙ্গে নিজের অভিনয়কে বদলে নেওয়ার ক্ষমতা তাঁকে শেষ পর্যন্ত প্রাসঙ্গিক রেখেছিল। ‘পদক্ষেপ’-এর জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান সৌমিত্র। ২০১২ সালে তাঁর হাতে তুলে দেওয়া হয় ২০১১ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার। ২০১৮ সালে পান ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান লেজিয়ঁ দ্য নর। উত্তমকুমার ও সৌমিত্রকে তুলনার দাঁড়িপাল্লায় মাপতে গেলে দুজনের স্বাতন্ত্র্যই আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
উত্তমকুমার বাংলা চলচ্চিত্রে তারকাখ্যাতি ও অভিনয়ের যে উচ্চতা তৈরি করেছেন, তা অনন্য। সৌমিত্রও অভিনয়ের পাশাপাশি শিল্পের নানা মাধ্যমে নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। একজনের অর্জন দিয়ে অন্যজনের গুরুত্ব নির্ধারণের প্রয়োজন নেই। প্রয়াণের ছয় বছর পরও তাই সৌমিত্র ফিরে আসেন অপুর বিষণ্ন মুখে, ফেলুদার তীক্ষ্ণ দৃষ্টিতে কিংবা ক্ষিতীশ সিংহের অদম্য জেদে। আবার ফিরে আসেন কবিতার পাতায়, আবৃত্তির কণ্ঠে ও মঞ্চের স্মৃতিতে। এই বহুমুখী চর্চার মধ্যে যে মানুষটিকে পাওয়া যায়, তিনি আজীবন পড়েছেন, ভেবেছেন, শিখেছেন এবং সৃষ্টি করেছেন। উত্তমকুমারের জনপ্রিয়তার সমান্তরালে নিজের পথ তৈরি করেছিলেন সৌমিত্র। সেই পথ তাঁকে নিয়ে গেছে পর্দা থেকে মঞ্চে, কবিতা থেকে সম্পাদনায়। তাঁর রেখে যাওয়া এই স্বতন্ত্র সাংস্কৃতিক ভুবনেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে বারবার নতুন করে আবিষ্কার করা যায়।