রুদ্রনীল ও পরমব্রত। ফেসবুক থেকে
রুদ্রনীল ও পরমব্রত। ফেসবুক থেকে

ভোটে জিতে পরমব্রতকে নিয়ে ‘আবার হাওয়া বদল’ রুদ্রনীলের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় পেয়েছেন রুদ্রনীল ঘোষ। শোনা যাচ্ছে, মন্ত্রীও হতে যাচ্ছেন তিনি। নতুন খবর, ১৩ বছর পর আসছে রুদ্রনীল ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘আবার হাওয়া বদল’।
১৩ বছর পর ফিরছে ‘হাওয়া বদল’ সিনেমার সেই ত্রিমূর্তি রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। সঙ্গে অনুষা বিশ্বনাথন। এই জুনেই আসছে ‘আবার হাওয়া বদল’।

বিগত বছরগুলোয় টালিউডে বদলে গেছে অনেক কিছুই। এর আগেও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি রাজ্য রাজনীতিতে পালাবদল ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে আসন্ন ছবিটি ঘিরে দর্শকের মধ্যে দারুণ আগ্রহ। এ সময় যে ‘আবার হাওয়া বদল’ রিলিজ করবে, সেটা কি ঠিক ছিল?

‘হাওয়া বদল’ সিনেমার পোস্টার। আইএমডিবি

রুদ্রনীল ঘোষ সংবাদ প্রতিদিনকে বলেন, ‘দুটো মিলে গেছে আরকি! কারণ, রিলিজ করতে দেওয়া হচ্ছিল না। ২০২৩ থেকে সিনেমাটা রেডি। গত ডিসেম্বরেই মুক্তির প্ল্যান হয়েছিল। কিন্তু রিলিজ করতে দেওয়া হচ্ছিল না। তারপর ঠিক হচ্ছিল, নির্বাচনের পর যদি রিলিজ করা যায়। নাটকীয় হাওয়া বদল হয়ে যাওয়া এবং একদিকে পরম, একদিকে আমি—একটা খুব মজার পরিবেশ তৈরি হয়েছে (হাসি)। এইটুকু বলতে পারি, ছবির পার্ট ওয়ান দেখে মানুষের যতটা ভালো লেগেছিল, মানুষ তার থেকেও বেশি খুশি হবে।’
ঠিক ছিল, জুন মাসের মাঝামাঝি সময়ে ছবিটি আসবে।

দুই অভিনেতা দুই দলের, সেটা কি অসুবিধা সৃষ্টি করতে পারে? জিজ্ঞেস করতেই পরমব্রত বলছেন, ‘আমি তো কোনো দলের নই। এ কথা ঠিক, আমার রাজনৈতিক মতাদর্শ রুদ্র যে দলের এবং যাঁরা ২০২৬ সালে পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছেন, তার থেকে আলাদা। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেটা সিনেমা ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই ছিল। আর তৃণমূলের ভুলগুলোর বিষয়ে আমরা সবাই অবগত। পরিস্থিতির বিচারে ওরা ছিল মন্দের ভালো। এবারে দেখলাম, রুদ্রনীল যে দলের, যেভাবে তারা জিতেছে, সেটার প্রতি সম্পূর্ণ সম্মান আছে। বিগত ১০ বছর ধরে প্রচণ্ড খেটেছে তারা। কিন্তু তাদের মতাদর্শের আমি বিরোধী। আমি তো সে অর্থে কোনো দলের নই। এত দিনের পরিচয় রুদ্রর সঙ্গে, আশা করি অসুবিধা হবে না। এত দিন তো হয়নি। ছবিটা ঠিক সময়ে মুক্তি পাচ্ছে। ওকে অভিনন্দন জানিয়েছি। মনে হয়, এই সময়ে মুক্তি পেলে ভালোই হবে।’

সংবাদ প্রতিদিন অবলম্বনে