ঈদের নাটকে মৌ-নোবেল

লাভ ফাইনালি নাটকের দৃশ্যে মৌ ও নোবেল
লাভ ফাইনালি নাটকের দৃশ্যে মৌ ও নোবেল

একসময়ের মডেলিংয়ের জনপ্রিয় জুটি নোবেল-মৌ। একসঙ্গে বেশ কয়েকটি নাটকেও কাজ করেছেন। তবে কয়েক বছর ধরে এই জুটিকে কোনো নাটকে দেখা যায়নি। লম্বা বিরতির পর আবারও টিভি নাটকে অভিনয় করলেন নোবেল ও মৌ। নাটকের নাম লাভ ফাইনালি। কৌশিক শংকর দাশের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হবে আসছে ঈদে।
লাভ ফাইনালি নাটকটি ঈদে আরটিভিতে প্রচার করা হবে। নোবেল ও মৌ ছাড়া এই নাটকে আরও অভিনয় করেছেন নওশাবা, ডায়না, দাউদ নূর ও নিঝুম। নাটকটি নিয়ে নোবেল বলেন, ‘মৌ আর আমি এখন পর্যন্ত চার-পাঁচটা নাটকে কাজ করেছি। তার মধ্যে এটা একটু ব্যতিক্রম। এর গল্পটা খুব মজার।’ পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, ‘তিন বছর আগে এই নাটক নির্মাণের পরিকল্পনা করেছি। তখন থেকে জুটি হিসেবে নোবেল ও মৌয়ের কথাই ভেবেছি। আমার কাছে মনে হয়, একটি প্রজন্মের কাছে নোবেল ও মৌ পর্দায় এখনো স্বপ্নের জুটি।’