বছরজুড়েই নানা কারণে আলোচনায় ছিলেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সেই আলোচনা পেয়েছে এক ভিন্ন মাত্রা। কাজ ও ব্যক্তিগত নানা ঘটনা সরাসরি তাঁরা জানিয়েছেন ফেসবুক-ইনস্টাগ্রামে। ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন প্রিয় মুহূর্তগুলো। সেসব ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। গত বছর ফেসবুকে সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়া ১০ তারকার ১০ ছবির দিকে মন দেওয়া যাক।

শাকিব খান
ছেলের জন্মদিন উপলক্ষে গাড়িতে বসা বাবা-ছেলের একটি ছবি পোস্ট করেছিলেন শাকিব। নিজের কত কত ছবি, তবু ছেলের সঙ্গে এই ছবি গত বছর সবচেয়ে বেশি পছন্দ করেছেন শাকিব–ভক্তরা। ছবিটিতে লাইক দিয়েছেন ২ লাখ ৭২ হাজার ভক্ত। সেখানে লাভ রিঅ্যাক্ট ছিল ১ লাখ, বাদবাকি অন্য রিঅ্যাকশন। ছবিটিতে মন্তব্য করা হয়েছে ২৪ হাজার। ছবিটি শেয়ার করা হয়েছে ১ হাজার ৩০০ বার।
নুসরাত ইমরোজ তিশা
বছর শেষে সুখবর জানানোর জন্য ফেসবুককেই বেছে নেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মা হচ্ছেন তিনি। ছবিতে দেখা যায়, তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর হাস্যোজ্জ্বল মুখ। ছবিটি ভাইরাল হয় ফেসবুকে। ছবিটি পেয়েছে ৫ লাখ ৮৮ হাজার রিঅ্যাকশন। ৭৮ হাজারের বেশি মন্তব্যে শুভকামনা জানানো হয়েছে এই দম্পতিকে। ইতিমধ্যে কন্যাশিশুর বাবা–মা হয়েছেন দুজন।
জয়া আহসান
কাজ ও ব্যক্তিগত খবর ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন জয়া। নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করা একাধিক ছবি ভাইরাল হয়েছে তাঁর। সেসবের বেশ কয়েকটি ছবি নিয়ে মেতেছিলেন ভক্তরা, যেগুলো নিয়ে আলোচনা দেখা গেছে বিভিন্ন ফেসবুক গ্রুপে। ফুলগাছের মধ্যে তাঁর শাড়ি পরা ছবিগুলো ২ লাখ ৯০ হাজার লাইক পেয়েছিল। গত বছরের ২৪ মে ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন জয়া।
পরীমনি
গত বছর সবচেয়ে আলোচনায় ছিলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। উৎসবের দিনগুলোতে ফেসবুকে নতুন ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। ঈদুল আজহা উপলক্ষে ৫ জুলাই পোস্ট করা পরীমনির ছবিটি ৩ লাখ ২১ হাজার ভক্তের লাইক পেয়েছে। এটিই তাঁর সর্বাধিক লাইক পাওয়া ছবি। এই ছবিতে ৪৫ হাজার মানুষ মন্তব্য করেছেন।
মোশাররফ করিম
‘সিলেটের শ্রীমঙ্গলে খোলা হাওয়ায়, খোলা মনের সাহচর্যে’, কথাগুলো লিখে সিলেটের একদল খুদে ফুটবল খেলোয়াড়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মোশাররফ করিম। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রোবেনা রেজা। মোশাররফের সেই সেলফিতে ২ লাখ ১৪ হাজার মানুষ প্রতিক্রিয়া জানান। ছবিটি তিন শতাধিক শেয়ারও হয়েছিল।
অপূর্ব
কাজের খবরের পাশাপাশি প্রায়ই নতুন ছবি ফেসবুকে শেয়ার করতেন অপূর্ব। সেগুলোর মধ্যে সর্বাধিক রিঅ্যাক্ট পাওয়া ছবিটি তাঁর একার নয়। সেই ছবিতে ছিলেন তিন প্রজন্ম। অপূর্ব, তাঁর বাবা ও ছেলে। গত বছর বাবা দিবস উপলক্ষে ২০ জুন ছবিটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। ছবিটিতে ৩ লাখ ১৪ হাজার মানুষ লাইক দিয়েছেন। বাপ-বেটাদের সেই ছবির মন্তব্যের ঘর শুভেচ্ছায় ভরে ওঠে।
মেহ্জাবীন চৌধুরী
১১ বছর আগে দেখতে কেমন ছিলেন মেহ্জাবীন? সেই পরিবর্তন দেখাতেই ভক্তদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ২০১০ ও ২০২১ সালের দুটি ছবি পাশাপাশি জুড়ে পোস্ট করেছিলেন তিনি। সেটি পেয়েছে ৩ লাখ ৬৭ হাজার লাইক। শেয়ার করা হয়েছে ৪৫০ বার। ২৬ হাজার মানুষ মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন তাঁকে।
আফরান নিশো
কাজ বা ব্যক্তিগত খবর ফেসবুকে খুব বেশি পোস্ট করেন না নিশো। তবে যখন পোস্ট করেন, তখন সেটা লুফে নেন ভক্তরা। গত বছরের বিভিন্ন সময় দর্শকদের সঙ্গে নিজের নতুন কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। গত ১১ ডিসেম্বর নিশোর সর্বাধিক লাইক পাওয়া ছবিটিতে তাঁকে দেখা গেছে একটি জ্বলন্ত সিগারেট হাতে। ২ লাখ ২৫ হাজার লাইক পড়েছে তাতে। মন্তব্য পড়েছে ১৫ হাজার। ছবির প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন অনেকে।
তাহসান খান
গত বছরের ফেব্রুয়ারিতে করোনার টিকা নিয়েছিলেন তাহসান খান। টিকা নেওয়ার সেই ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। সেই ছবি ২ লাখ ২২ হাজার লাইক পায়। ছবিটি পোস্ট করে করোনার সম্মুখসারির যোদ্ধা চিকিৎসকদের প্রশংসা করেছিলেন তিনি। ছবিটি চার শতাধিক বার শেয়ার করা হয়।
পূর্ণিমা
ফেসবুকে খুব সরব নন পূর্ণিমা, কিন্তু প্রায়ই তিনি ভক্তদের তাক লাগিয়ে দেন নজরকাড়া ছবি পোস্ট করে। বলা যায়, বছরজুড়েই কাজের বাইরে ফেসবুকের ছবিগুলোই তাঁকে আলোচনায় নিয়ে আসে। পূর্ণিমার শাড়ি পরা সাদামাটা ছবিটি পেয়েছে সর্বাধিক লাইক। এই ছবি পেয়েছে ৫ লাখ ৬৩ হাজার লাইক। মন্তব্য করেছেন অর্ধলক্ষাধিক মানুষ। ১ হাজার ৭০০ বার শেয়ার করা হয়েছে ছবিটি।