
অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার ২৭ অক্টোবর। আগের জন্মদিনগুলোতে নানা ধরনের হই-হুল্লোড় করলেও এবারের জন্মদিনে প্রায় সারা দিনই বাসায় থেকেছেন তিনি। এ অভিনেতা জানান, জন্মদিনের শুরুর সারপ্রাইজটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকেই।
তৌসিফ বলেন, ‘বাবা আগে আমার জন্মদিনের রাতে কেক ও ফুল নিয়ে আসতেন। কিন্তু এবারের জন্মদিনে আমি ঘুম থেকে উঠেই দেখি বাবা কেক আর ফুল নিয়ে হাজির! এটার আমার জন্য অনেক বড় পাওয়া। বাবা জন্মদিনটা মনে রেখেছেন।’
‘আগের জন্মদিনগুলো থেকে এবার জন্মদিন একটু আলাদা। কারণ এবারই প্রথম জন্মদিনের সারা দিন আমি বাসায় ছিলাম। কোনো শুটিং কিংবা অন্য কোনো কাজ রাখিনি। চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে যোগ দেবার জন্য অনুরোধ এসেছিল। তাও এড়িয়ে গেছি কৌশলে। তবে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম। আমার স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি।’ এমনটাই বললেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব।
আর জন্মদিনে বাসায় থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বন্ধুদের কাছ থেকে ‘সারপ্রাইজড’ হওয়ার জন্যই বাসায় ছিলাম। কিন্তু কেউ তো এলো না।’
তৌসিফ পড়েছেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। স্কুলের সেই বন্ধুদের নিয়েই কাটিয়েছেন এবারের জন্মদিনের বিকেলটা।
তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব ছোটপর্দার বেশ কয়েকটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া, গেল ঈদে তাঁর কয়েকটি খণ্ড নাটকও প্রচার হয়েছে। সম্প্রতি আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি।