দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদারবাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটিতে ঘুরতে গিয়ে দেখা হয় কাজরীর সঙ্গে। তার কালো হরিণ চোখের মায়ায় জড়িয়ে পড়েন রুদ্র। কাজরীও তাকে এড়াতে পারে না। আবার নিজের সামাজিক অবস্থানের কাছে অসহায় হয়ে পড়ে সে। বাবা গাঁয়ের বখাটে বিষ্ণুর সঙ্গে তার বিয়ে ঠিক করেন। বিয়ের আসর থেকে পালিয়ে নদীতে ডুব দেয় কাজরী। তারপর?

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বাদল বরিষণে’ গল্পের নাট্যরূপ দিয়েছেন বিষ্ণু ঈয়াস, পরিচালনা করেছেন সীমান্ত সজল। আজ রাত ১০টায় সেই গল্পের নাটক ‘কালো হরিণ চোখ’ দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকীতে তাঁর স্মরণে বিভিন্ন টিভি চ্যানেলে আজ রয়েছে নাটক। বিটিভিতে রাত ৯টায় রয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতার নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। অভিনয়ে ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, গাজী রোকন প্রমুখ।
সেখানে দেখা যাবে বনেদি বাড়ির মেয়ে শবনম সখীদের সঙ্গে ছোটাছুটি করে। দূরে লাঠি হাতে তাদের পাহারা দেয় এক তরুণ, যার কোমরে বাঁশি। শবনম জানতে পারে, সে সুন্দর বাঁশি বাজায়। যদিও তার হাবভাব শবনমের ভালো লাগে না।
এনটিভি রাত সাড়ে ৯টায় রয়েছে নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। প্রায় ১০ বছর পর রাঙামাটি যান লেখক আফজাল। যাওয়ার পর থেকেই বৃষ্টি। রাত যত গভীর হতে থাকে, ততই তার ভেতরে জেগে ওঠে পুরোনো স্মৃতি ও নয়নতারা।
দুরন্ত টিভিতে বিকেল সাড়ে ৫টায় নাটক ‘শিকারী’। নজরুলের নাটিকা ‘পণ্ডিত মশায়ের ব্যাঘ্রশিকার’ পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, রহমত আলী, এম এস সিরাজী, অপরূপা, পারভীন কণা, জাহিন প্রমুখ। দেখা যাবে বাঘ শিকারে যাবেন জমিদারবাবু, সঙ্গে যাবেন পণ্ডিতমশাই। শিকারে গিয়ে ঘটে মজার ঘটনা।
আরটিভিতে বিকেল সাড়ে ৫টায় ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন জিনাত হোসেন। পরিচালনায় কৌশিকশংকর দাশ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি প্রমুখ।