
‘ঐশ্বরিয়া’ নামের যেকোনো নারীর প্রতিই তারিক আনাম খানের দুর্বলতা। এ দুর্বলতা অবশ্য ‘চুপি চুপি’ নাটকে। নাটকটিতে ঐশ্বরিয়া চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা। এখানে মোনালিসার প্রেমে হাবুডুবু খেতে দেখা যাবে তারিক আনামকে।
ঈদুল ফিতরে এই নাটকে দেখা যাবে অসম বয়সী এই দুই অভিনয়শিল্পীকে।
কেমন লাগল তারিক আনামের প্রেমের প্রস্তাব পেয়ে?
মোনালিসা বললেন, ‘নাটকে আমার প্রেম সাজু খাদেমের সঙ্গে। তারিক আনাম বয়সে কত বড়! তাই প্রথমে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।’ তবে এর সবই নাটকের জন্য। বাস্তবে অভিনয় করতে গিয়ে কেমন লেগেছে? তিনি বলেন, ‘তখনো একই রকম অনুভূতি হচ্ছিল!’
তারিক আনাম অবশ্য বয়সের ফারাককে কোনো সমস্যা হিসেবে দেখেন না। বলেন, ‘অভিনয়ের সময় বয়সের পার্থক্য খুব একটা প্রভাব ফেলেনি। ক্যামেরার সামনে আমি মানসিকভাবে প্রেমিক হয়ে গেছি। বিষয়টা উপভোগ করেছি।’
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল জানালেন, পুরোদস্তুর কমেডি ধাঁচের নাটক ‘চুপি চুপি’। এতে নাচ, গান, ফান—সবই আছে।