
চূড়ান্ত আয়োজনের খুব কাছাকাছি। ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১-এর তারকা জরিপে কে কে আছেন মনোনয়নপ্রাপ্তদের তালিকায়। তাঁদের অনুভূতিগুলোও জেনে নিন এবার
সেরা টিভি অভিনেত্রী
তানজিন তিশা (হ্যালো শুনছেন)
প্রতিবারের মতো এবারও মনোনয়ন পেয়ে ভালো লাগছে। প্রথম আলোর সঙ্গে আমার পরিবারের মতোই সম্পর্ক। ভালো লাগে সব সময় এই পরিবারের অংশ হিসেবে থাকতে পেরে। শুভকামনা আমার সঙ্গে আরও যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের জন্য।
তাসনিয়া ফারিণ (কমলা রঙের রোদ)
এটা আমার প্রথম মনোনয়ন। আসলে নিজের নামটা চূড়ান্ত মনোনয়নে দেখলে সবারই ভালো লাগে। সে ক্ষেত্রে আমি এত দূর আসতে পারব এত কম সময়ে, সেটা চিন্তা করিনি। এ জন্য দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ আমি, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এতো সমর্থন দেওয়ার জন্য। সামনে আরও ভালো কাজ করার জন্য এটা আমাকে অনেক অনুপ্রেরণা জোগাবে।
মেহজাবীন চৌধুরী (চিরকাল আজ)
আমার ক্যারিয়ারের শুরু দর্শকের অকৃত্রিম ভালোবাসা পেয়ে। আমি কাজ করি দর্শকের জন্য। আর সেই দর্শক এবারও আমাকে ভোট দিয়ে সেরা চারজনের মধ্যে নিয়ে এসেছেন। সে জন্য তাঁদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। ‘চিরকাল আজ’ আমার খুব প্রিয় একটি কাজ। আশা করি, আমার এই কাজ সঠিক মূল্যায়ন পাবে।
সাবিলা নূর (রঙ্গিলা ফানুস)
খুব খুব ভালো লাগছে। মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়নের কথা যতবারই শুনি না কেন, প্রতিবারের অভিজ্ঞতাই খুব দারুণ। যাঁরা আমাকে ভোট দিয়ে চূড়ান্ত পর্যায় পর্যন্ত এনেছেন, তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
সেরা টিভি অভিনেতা
অপূর্ব (যদি কোনো দিন)
মনোনয়ন পেয়ে অবশ্যই অনেক ভালো লাগছে। মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পেয়ে আমি অনেক আনন্দিত। আমার দর্শক–শ্রোতাদের অনেক ধন্যবাদ।
আফরান নিশো (পুনর্জন্ম)মনোনয়ন পেলে নিজেকে আরও বাচ্চা বাচ্চা মনে হয়, চঞ্চলতা বাড়ে। কারণ, পুরস্কার পাওয়ার একটা ইচ্ছা জাগে। মনোনয়ন পেয়েছি, এটা বড় অর্জন। অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। বলা যায়, এত কাজের মধ্যে চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আসতে পারাটাই একটা পুরস্কারের মতো।
মেরিল-প্রথম আলো পুরস্কারে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁরা এবং যাঁরা পাননি, তাঁরাও সামনে আরও ভালো কাজ করতে আগ্রহী হবেন।
জোভান (বেস্ট ফ্রেন্ড ৩)
আমার সঙ্গে যে তিনজন বড় মাপের অভিনেতা রয়েছেন, তাঁদের সঙ্গে মনোনয়ন পেয়ে অনেক ভালো লাগছে। দর্শকদের ধন্যবাদ চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আমাকে নিয়ে আসার জন্য।
মোশাররফ করিম (শেষটা অন্য রকম ছিল)
প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গ্রন্থনা: মইনুল ওয়াজেদ