মা–বাবার পাশে সমাহিত হলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

মা–বাবার পাশে সমাহিত হলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ।
ছবি: সংগৃহীত

মা–বাবার পাশে সমাহিত হলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়। পরে ময়মনসিংহ সদর উপজেলার গলগঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পূর্ণ হয়। এর আগে আজ বেলা ১১টায় তাঁর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

শিল্পকলা একাডেমিতে মাহমুদ সাজ্জাদকে শেষ শ্রদ্ধা জানানো হয়

শিল্পকলা একাডেমিতে মাহমুদ সাজ্জাদকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন এবং মানুষজন। নাট্যব্যক্তিত্ব ম হামিদ বলেন, ‘বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সবার শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রাখা হয়। পরে দাফনের উদ্দেশ্যে ময়মনসিংহের উদ্দেশে রওনা হই।’

ম হামিদ গতকাল জানান, কোভিড-পরবর্তী জটিলতায় মাহমুদ সাজ্জাদের ফুসফুসের বড় অংশ সংক্রমিত হয়। যে কারণে দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। প্রায় দুই মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২৪ অক্টোবর বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সবার শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রাখা হয়

১৯৪৯ সালের ৩ মে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন মাহমুদ সাজ্জাদ। শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ সাজ্জাদ। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে পড়াশোনার সময়েই নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে চলচ্চিত্র সংসদ, মঞ্চনাটকের দল নাট্যচক্রের সঙ্গে যুক্ত হন। বিশ্ববিদ্যালয় ও হলের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতেন। এ ছাড়া স্বাধীনতার আগে থেকেই তিনি বেতার নাটকের সঙ্গে জড়িত ছিলেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। পরে বাংলাদেশ টেলিভিশনে অনেক নাটকে অভিনয় করেন তিনি।

শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ সাজ্জাদ

চলচ্চিত্রে তাঁর প্রথম কাজ ‘সংসার’। তাঁর নায়িকা ছিলেন ববিতা। পরে ‘মুক্তি’ সিনেমায় শাবানার বিপরীতে অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এ ছাড়া তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘ভদ্রলোক’, ‘প্রতীক্ষার প্রহর’, ‘হায়েনা’, ‘লেট দেয়ার বি লাইট’সহ একাধিক মঞ্চনাটকে অভিনয় করেছেন। স্ত্রী এবং উপল ও অঞ্জন নামের দুই ছেলে রেখে গেছেন মাহমুদ সাজ্জাদ।
পেশাগত জীবনে তিনি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের মহাব্যবস্থাপক। তিনি অবসরে ছিলেন।