শুরুতেই সেরা 'কৃষ্ণকলি'

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে তিয়াসা রায় ও অভিজিৎ ভট্টাচার্য
‘কৃষ্ণকলি’ সিরিয়ালে তিয়াসা রায় ও অভিজিৎ ভট্টাচার্য

এ সপ্তাহে ভারতের বাংলা টিভি চ্যানেলগুলোতে প্রচারিত সিরিয়ালগুলোর মধ্যে শীর্ষে আছে জি বাংলার সিরিয়াল ‘কৃষ্ণকলি’। গত ১৮ জুন সিরিয়ালটির প্রচার শুরু হয়েছে। জানা গেছে, প্রচার শুরু হওয়ার পর থেকেই সিরিয়ালটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়তে থাকে। পরপর দুই সপ্তাহ সবচেয়ে বেশি টিআরপি পেয়েছে সিরিয়ালটি। এ সপ্তাহে ‘কৃষ্ণকলি’র রেটিং ১০.৯। এক শ্যামাঙ্গী মেয়েকে নিয়ে এই সিরিয়ালের গল্প। প্রধান চরিত্রে যিনি অভিনয় করছেন, তাঁর নাম তিয়াসা রায়। তিনি নৃত্যশিল্পী, ছবি আঁকেন। এর আগে মঞ্চে টুকটাক অভিনয় করলেও এবারই প্রথম ছোট পর্দায় অভিনয় করছেন।

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে তিয়াসা রায়

তিয়াসা রায়কে ছোট পর্দায় আনার পেছনে বড় অবদান রেখেছেন তাঁর স্বামী ছোট পর্দার অভিনেতা সুবান রায়। গত বছরের অক্টোবরে তাঁদের বিয়ে হয়। শুরুতেই স্ত্রী তিয়াসা রায়ের সাফল্যে অভিভূত সুবান রায় আর তাঁর পরিবার। বাড়ির বউ সিরিয়ালে অভিনয় করে বেড়াবেন, আর তা দেখে শ্বশুরবাড়ির মানুষজন খুশি হবে, কলকাতায় এমনটা নাকি দেখা যায় না। সে দিক থেকে তিয়াসা রায়ের ভাগ্য খুবই ভালো। স্বামী আর শ্বশুরবাড়ির সবার সহযোগিতা পাচ্ছেন তিনি।

তিয়াসা রায়ের গায়ের রং নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। জানা গেছে, বাস্তবে তিয়াসা মোটেই শ্যামাঙ্গী নন, প্রকৃতপক্ষেই তিনি গৌরী। কিন্তু মেকআপ দিয়ে পর্দায় তাঁকে শ্যামাঙ্গী করে তোলা হয়েছে।

স্বামী সুবান রায়ের সঙ্গে তিয়াসা রায়

এদিকে এ সপ্তাহে টিআরপি রেটিংয়ে প্রথম পাঁচটি সিরিয়ালই জি বাংলার। টিআরপি রেটিংয়ে দ্বিতীয় স্থানে আছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ (৯.০), তৃতীয় ‘বকুলকথা’ ও ‘জয় বাবা লোকনাথ’ (৮.৮)। এ ছাড়া চতুর্থ ‘জয়ী’ (৮.০), পঞ্চম ‘সীমারেখা’ (৭.০), ষষ্ঠ ‘কে আপন কে পর’ (৬.৯), সপ্তম ‘ফাগুন বউ’ (৬.৮), অষ্টম ‘সাত ভাই চম্পা’ (৬.৭), নবম ‘দেবী চৌধুরাণী’ (৬.৩) এবং দশম ‘অন্দরমহল’ (৫.২)।