হিরুর আক্ষেপ, নারী শিল্পীর সঙ্গে জুটি হয়নি

আমিনুল ইসলাম হিরু
আমিনুল ইসলাম হিরু

দেশের নৃত্যশিল্পীদের জুটি বেঁধে নাচ করতে দেখা যায়। সে রকম সফল জুটি শিবলী-নীপা, লিখন-নাদিয়া, সোহেল-রিয়া ও হালের আলিফ-মাটি। নৃত্যাঙ্গনে হিরু নামে পরিচিত শিল্পী আনিসুল ইসলামের আক্ষেপ, কোনো নারী শিল্পীর সঙ্গে জুটি গড়া হয়নি তাঁর। সম্প্রতি ঈদের নানা অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে সেই আক্ষেপের কথা স্বীকার করলেন তিনি।

ঈদে এবার পরিবেশনা নেই বললেই চলে। তবু একটি নাচে বিজরী বরকতুল্লাহর সঙ্গে দেখা যাবে আনিসুল ইসলামকে। ঈদের দিন বেলা ১টা ৩০ মিনিটে ‘নৃত্যে ছন্দে’ নামের এই অনুষ্ঠানে সমরজিৎ রায় ও অন্বেষার গাওয়া ‘কেন তা জানি না’ গানের সঙ্গে নাচ করবেন তাঁরা। ‘নৃত্যে ছন্দে’ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনা দিয়েছেন নৃত্যগুরু আনিসুল ইসলাম। সৃষ্টি কালচারাল সেন্টারের এই কর্ণধার বলেন, এবারে নানা কারণে আমার পারফরম্যান্স কম। কিন্তু নির্দেশনা দিয়েছি, এটাও আমার জন্য কম আনন্দের নয়।’ বিটিভির এ অনুষ্ঠানে জুটি বেঁধে নাচ করবেন সোহেল-শখ, লিখন-চাঁদনী, নাদিয়া-শাওন, সোহানা সাবা-তুষার, নিসা-আসাদ, প্রান্তিক-সিনথিয়া, কাজল ও তাঁর দল।

আমিনুল ইসলাম ও বিজরী বরকতউল্লাহ

জুটি বেঁধে নাচ করা প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন, ‘একসময় আমাদের দেশে এ প্রথা ছিল। কিন্তু এখন কমে গেছে। সোহেল-রিয়া বা লিখন-নাদিয়া জুটি ভেঙে গেছে। এখন টিকে আছে কেবল শিবলী-নীপা জুটি। আমার কখনো কখনো আফসোস হয়, আমারও যদি এ রকম একজন নারী শিল্পীর সঙ্গে জুটি থাকত, তাহলে ভালো হতো। শুরুর দিকে অপি করিম, চাঁদনী, বিজরীদের সঙ্গে নাচ করেছি, কিন্তু জুটি গড়া হয়নি। অবশ্য এর একটা ভালো দিকও রয়েছে। যে কারও সঙ্গেই নাচ করার স্বাধীনতা রয়েছে। তা ছাড়া যাঁরা নাচ করেন, তাঁদের অনেকেই অন্য মাধ্যমেও সক্রিয়।’

আমিনুল ইসলাম হিরু

বিটিভির নৃত্যানুষ্ঠান প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই ঈদ আয়োজনে বাংলাদেশ টেলিভিশন একটা নাচের অনুষ্ঠান করে। এবারও তা–ই হচ্ছে। সচরাচর বিভিন্ন টিভি চ্যানেলের নাচের অনুষ্ঠানগুলোয় দেখা যায়, নাচ পরিবেশন করে বিভিন্ন জনপ্রিয় তারকা, যাঁরা নাচ জানেন না। কিন্তু আমাদের এই আয়োজনে তাঁরাই নাচ পরিবেশন করেছেন, যাঁরা মূলত নৃত্যশিল্পী। এত শিল্পী নিয়ে এমন একটি আয়োজনের দায়িত্ব বিটিভি আমাকে দিয়েছে এবং আমার ওপর আস্থা রেখেছে, এটা আমার জন্য অনেক সম্মানের।’