
অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয় এখন পুরোদস্তুর উপস্থাপক। টেলিভিশনে প্রচারিত হচ্ছে তাঁর উপস্থাপনায় ‘৩০০ সেকেন্ড’ নামের একটি অনুষ্ঠান। একজন করে অতিথির সঙ্গে এ অনুষ্ঠানে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। সোমবার সন্ধ্যায় জয় জানালেন, এবার ৩০০ সেকেন্ডের পাশাপাশি আরেকটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন তিনি। নাম ‘৩০০০ সেকেন্ড’। এর মধ্যে প্রথম পর্বের শুটিংও শেষ করেছেন।
জয় জানান, ৩০০০ সেকেন্ড অনুষ্ঠানটি সপ্তাহে এক দিন করে প্রচারিত হবে। প্রথম পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন ফাহমিদা নবী, শেখ ফজলে নূর তাপস, মীর সাব্বির ও কামরুল হাসান।
সবাই যেখানে ঘণ্টা ও মিনিটের অনুষ্ঠান তৈরি করছে, সেখানে আপনি সেকেন্ডের ভাবনা নিয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা করলেন কেন? এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘আমরা শুরু থেকেই ভেবেছি, অল্প সময়ের মধ্যে তারকাদের সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহের বিষয়টি তুলে আনা যায় কি না। আমরা যদিও আত্মবিশ্বাসী ছিলাম, এরপরও একটু সংশয় ছিল। দর্শকেরা অনুষ্ঠানটি সানন্দে গ্রহণ করেছেন। দেখলাম, চাইলে অল্প সময়ে অনেক কিছু বলা সম্ভব। এ অনুষ্ঠানের সাফল্যের অনুপ্রেরণায় ‘৩০০০ সেকেন্ড’–এর জন্ম। এ অনুষ্ঠানের ভাবনা ফরিদুর রেজা সাগর ভাইয়ের মাথা থেকে এসেছে।’
অনুষ্ঠানটির প্রযোজক সেহাঙ্গেল বিপ্লব।