
পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী ও মডেল ইশানা খান। সন্তানের নাম রেখেছেন সায়েশান চৌধুরী। বর্তমানে মা ও ছেলে ভালো রয়েছে। মা হওয়ার এই তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন। ভালোবাসা দিবসে সন্তানের সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গেছে তাঁকে।
করোনার আগে সর্বশেষ ‘মন দরজা’ নাটকে অভিনয় করেন অভিনয়শিল্পী ইশানা। এরপর আর নতুন কাজ করা হয়নি। এখন থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে থেকেই সুখবর দিলেন এই অভিনেত্রী।
ইশানা গত বছর শেষের দিকে জানান তিনি মা হচ্ছেন। নতুন বছরেই আসবে নতুন অতিথি। এই অভিনেত্রী জানান, ভালোবাসা দিবসে ছেলেকে সামনে আনলেও তাঁর সন্তানের জন্ম হয়েছে গত ৯ ফেব্রুয়ারি, ভোর ৫টা ৪০ মিনিটে। মা হওয়ার অনুভূতি ভাগাভাগি করে এই অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে নতুন একটি জীবন বেড়ে উঠছিল। সেই সন্তানের মুখ দেখার সময়টি আমার জীবনের সেরা সময়। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। জীবনে এর চেয়ে সুন্দর মুহূর্ত হয়তো আর হয় না। আমার কাছে নিজেকে গর্বিত নারী মনে হচ্ছে। আমি সবার কাছে সন্তানের জন্য দোয়া চাই।’
২০১৯ সালে হঠাৎ করেই অস্ট্রেলিয়াপ্রবাসী সারেফ চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। এরপর থেকে বেশির ভাগ সময় অস্ট্রেলিয়াতেই থাকেন। ইশানা এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘২০১৯ সালে হঠাৎ একদিন সারেফ আমার পরিবারের সদস্যদের কাছে বিয়ের কথা বলল, তিন দিনের মধ্যে আমাদের বিয়ে। তখন শুধু বুঝলাম আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমরা দুজনই এখানে চাকরি করি। সবার দোয়ায় আমরা ভালো আছি।’