‘ইত্যাদি’তে থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে
‘ইত্যাদি’তে থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

বিদেশিদের দিয়ে বিশেষ বার্তা ‘ইত্যাদি’তে

তিন দশক ধরে ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের মাধ্যমে লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা ও ইতিহাস তুলে ধরার পাশাপাশি কুসংস্কার, সামাজিক অসংগতির বিষয়ে সামাজিক বার্তাও দিয়ে আসছেন হানিফ সংকেত। ঈদের বিশেষ ‘ইত্যাদি’তেও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব। এ পর্বে বিদেশিরা বাংলা ভাষায় গ্রামের সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন। নাচগান ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপিত হয় একটি শিক্ষামূলক বক্তব্য।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের বিষয়বস্তু আত্মস্বার্থ ও লোভে মানবিকতার অবক্ষয়। সুবিধাবাদী ও দ্বিমুখী চরিত্রকে ব্যঙ্গাত্মক উপস্থাপনায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে একটি বিষয়ভিত্তিক গান ও নৃত্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী, নৃত্য পরিচালনা করেছেন মামুন।

‘ইত্যাদি’তে থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

নাচ, গান ও অভিনয়ে অংশ নিয়েছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত প্রায় অর্ধশতাধিক নাগরিক।
বিদেশিদের নিয়ে কাজ করে তুষ্ট হানিফ সংকেত, ‘ওঁরা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও ওঁদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্য আয়ত্তে আনতে তাঁরা যে পরিমাণ মহড়া করেন, তা অকল্পনীয়। বিশেষ করে সময়জ্ঞান, নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয়।’

ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।