ভালোবাসা দিবসেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নাট্যপরিচালক দীপু হাজরা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে ছোট পরিসরে সম্পন্ন হয়েছে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি (স্নাতক) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরেই শুরু হয় দীপু ও সাথীর আলাপ। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে ভালোবাসায়। সময়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হলে দুজন একসঙ্গে সিদ্ধান্ত নেন, বিয়েটা হবে ভালোবাসা দিবসেই। পরিকল্পনা অনুযায়ী আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো তাঁদের বিয়ে।
নববধূকে নিয়ে দীপু হাজরা বলেন, ‘আমাদের বোঝাপড়া খুব ভালো। সাথী ভীষণ কেয়ারিং। আমার বিশ্বাস, স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে, তাহলে সে সম্পর্ক বেশি দূর এগোয় না।’
বিশেষ দিন হওয়া সত্ত্বেও বড় আয়োজন করতে না পারায় খানিকটা আক্ষেপ রয়েছে নির্মাতার কণ্ঠে। তিনি জানান, সময় ও পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করতে হয়েছে। ভবিষ্যতে সময়-সুযোগ বুঝে একটি বড় অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে তাঁদের।