জামাই হিসেবে তৌকীর আহমেদ কেমন? জানালেন শ্বশুর আবুল হায়াত নিজেই

আবুল হায়াত। ছবি: প্রথম আলো
আবুল হায়াত। ছবি: প্রথম আলো

‘জামাই হিসেবে কেমন তৌকীর আহমেদ?’ এই প্রশ্ন নিজেই করলেন অভিনেতা আবুল হায়াত। গতকাল রোববার ছিল আবুল হায়াতের জামাই ও অভিনেতা তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তী উদ্‌যাপন। এ উপলক্ষে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ: আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক আয়োজন করে সুহৃদ। এ আয়োজনে শ্বশুর হিসেবে জামাইকে নিয়ে কথা বলেন আবুল হায়াত।

আবুল হায়াত বলেন, ‘জামাই হিসেবে কেমন তৌকীর? আমি বলব, তাঁর শাশুড়ির কাছে তিনি শ্রেষ্ঠ জামাই। কারণ, তিনি যত্নসহকারে যা খেতে বলা হয়, তা-ই খেয়ে নেন। টেবিলে খাবার দেওয়া হলে আমার স্ত্রীর অভ্যাস আছে, সর্বদা তৌকীরের পাতে বাড়তি খাবার ঢালতে থাকেন। যেমন হয়তো ইলিশ মাছের একটি টুকরা দিলেন, পরে আরেকটা দিলেন। তৌকীর সেটি খেয়েছেন দেখলে শাশুড়ি মনে করেন, হয়তো মজা লেগেছে, আরও খান। এভাবে খাবার দিতে থাকেন।’

তৌকীর আহমেদ। ছবি: প্রথম আলো

তৌকীরের বিষয়ে কথা শুনে সবাই পরবর্তী কথার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় আবুল হায়াত বলেন, ‘তৌকীর যা খাবারের প্লেটে দেওয়া হয়, ভালো মানুষের মতো তা খেয়ে নেন। তিনি বলেন, “নিচ্ছি মা, বড়টাই নিচ্ছি।” হয়তো তাঁর আর খাওয়ার খুব ইচ্ছা নেই, তারপরও তিনি শাশুড়ির খুশির জন্য খাবারগুলো খেয়ে নেন।’
প্রায়ই জামাই শ্বশুর ও শাশুড়ির সঙ্গে জমিয়ে আড্ডা দেন। এসব প্রাণবন্ত আড্ডায় নাটক, সিনেমার কথা উঠে আসে। এমনকি একা থাকলেও জামাই শ্বশুরের সঙ্গে নানা বিষয়ে গভীর আলাপ করেন। আবুল হায়াত বলেন, তাঁর সঙ্গে যতই আলাপ হয়, সবই সৃজনশীল কাজ নিয়ে। একজন শিল্পী তখনই প্রকৃত শিল্পী হয়ে ওঠেন, যখন তিনি শিল্পকে হৃদয়ে ধারণ করেন। তিনি তা-ই করেন।

গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদীপ প্রজ্বালন করে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ: আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক আয়োজনের উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো

তৌকীরের জনপ্রিয়তা নিয়ে আবুল হায়াত বলেন, ‘তাঁকে মানুষ পছন্দ করেন, সেটা আমরা দেখেছি। তাঁর বিয়েতে দুই হাজার মানুষ দাওয়াত দিলে সাত হাজার মানুষ এসেছিলেন। খাবার টেবিলে রয়ে যায়, কেউ খেতে পারেননি। সবাই বলেছিলেন, তাঁরা তৌকীর আর বিপাশাকে দেখতে এসেছেন। একসময় বিয়ের আসর থেকে তৌকীর আর বিপাশাকে পালাতে হলো। তৌকীর কেবল চেহারাতেই নন, কাজেও জনপ্রিয়তা অর্জন করেছেন।’
জামাইয়ের অভিনয়দক্ষতা সম্পর্কে আবুল হায়াত বলেন, ‘আমার পরিচালিত এক ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে তৌকীর অভিনয় করেছিলেন। সেই চরিত্রে তৌকির অসাধারণ অভিনয় করেছিলেন।’

গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদীপ প্রজ্বালন করে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ: আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক আয়োজনের উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো

২৬ পর্বে তাঁর অভিনয় দেখে আবুল হায়াত মুগ্ধ হয়েছিলেন। ‘আমি বলেছিলাম, তৌকীর, আপনার সমস্ত অভিনয় ওই একটি জায়গায় মার খেয়ে গেছে।’ সব শেষে তৌকীরের উদ্দেশে এই গুণী অভিনেতা বলেন, ‘ভবিষ্যতে তুমি শুধু পরিচালনাই কোরো না, অভিনয়ও কোরো।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক আয়োজনটি করে সুহৃদ। সকালে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে আয়োজনটির উদ্বোধন করা হয় এবং পরে শিল্পকলার সেমিনারকক্ষে আবুল হায়াত বক্তব্য দেন। এ সময় আফজাল হোসেন, মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আবুল হায়াত ও তৌকীর আহমেদ। ছবি: কোলাজ