আতাউর রহমান
আতাউর রহমান

অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে

গুরুতর অসুস্থ নাট্যজন আতাউর রহমান। গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে আইসিইউ–সুবিধা ওই মুহূর্তে না পাওয়ার কারণে পরে তাঁকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরশু কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আতাউর রহমান

আজ সোমবার দুপুরে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান। প্রথম আলোর সঙ্গে আলাপকালে শর্মিষ্ঠা রহমান বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।