স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা
স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা

সোহানা সাবার স্বামী কে এই ফয়সাল

সোহানা সাবা আবার বিয়ে করেছেন। বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনয়শিল্পী। শুধু জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্বামীর নামও প্রথমে বলতে চাননি। পরে কথার এক পর্যায়ে শুধু ‘ফয়সাল’ নামটি জানান।

বিয়ের আসরে স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা

খোঁজ নিয়ে জানা গেছে, সোহানা সাবার স্বামীর পুরো নাম ফয়সাল সামাদ। তিনি রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত।

স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা

জানা গেছে, ফয়সাল সামাদ সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক। ২০২৩ সালে বিজিএমইএর নির্বাচনে সংগঠনটির নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম–এর প্যানেল লিডার (দলনেতা) হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। এর আগে আনিসুল হক, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হকের নেতৃত্বাধীন বিজিএমইএর পরিচালনা পর্ষদে সহসভাপতির দায়িত্বও পালন করেছেন ফয়সাল সামাদ।

স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা

ব্যবসায়ী মহলে খোঁজ নিয়ে জানা গেছে, ফয়সাল সামাদ এর আগে বিবাহিত ছিলেন। সে হিসাবে সোহানা সাবা ও ফয়সাল সামাদ—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’—২০২৩ সালের ৭ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল এটি। তখন প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাননি সোহানা সাবা। সেই প্রেম যে শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে, এত দিন পর আজ মঙ্গলবার দুপুরে তা নিজেই জানিয়েছেন তিনি।

স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। তাঁদের সেই সংসারে রয়েছে একটি সন্তান। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়ে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন সাবা। এরই মধ্যে পরিচয় হয় ফয়সালের সঙ্গে।

সোহানা সাবা জানিয়েছেন, ফয়সালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। সেই সম্পর্কের পরিণতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

স্বামী ফয়সাল ও সন্তানের সঙ্গে সোহানা সাবা

বিয়ের পর কেমন কাটছে জীবন—জানতে চাইলে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’  

স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা

ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু কীভাবে, আর কেন তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন—এ প্রসঙ্গেও কথা বলেছেন সোহানা সাবা।

তিনি বলেন, ‘মনে হয়েছে এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন, প্রথম দেখাতেই। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে “হ্যাঁ” বলেছি।’