ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, সম্পর্ক এবং জীবনদর্শনও প্রায়ই আলোচনায় আসে। রোববার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে বিয়ে ও প্রেমের অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন এ অভিনেত্রী।
গত বছরের শুরুতে বাঁধন জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো কাউকে পেলে বিয়ের বিষয়টি নিয়ে ভাববেন বলেও তিনি জানান। তবে এক বছর পর এসে সেই গল্পের ভিন্ন পরিণতির কথা জানালেন অভিনেত্রী। তাঁর ভাষায়, যার সঙ্গে বিয়ের বিষয়ে কথাবার্তা এগোচ্ছিল, তিনি আর সম্পর্কটি এগিয়ে নেননি।
বিষয়টি নিয়ে মজার ছলে বাঁধন বলেন, ‘আমি মজা করেই বলতে চাই, তিনি ভেগে গেছেন। আসলে কেন এগোলেন না, সেটা আমি বলতে পারব না। তবে কেন জানি মনে হয়, ছেলেরা আমাকে একটু ভয় পায়।’
বাঁধনের মতে, নতুন করে যার সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছিল, তিনি তাদের পরিবারের পরিচিত ছিলেন এবং ছেলের পরিবারের সদস্যরাও বাঁধনকে পছন্দ করতেন। এমনকি ওই ব্যক্তির মা তাঁকে পছন্দ করার কথাও জানিয়েছিলেন। কিন্তু পারিবারিক আলোচনা এগোলেও শেষ পর্যন্ত প্রস্তাবটি আর বিয়ের দিকে গড়ায়নি। তবে এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই বলেই জানান তিনি।
বাঁধন বলেন, ‘তিনি ভীষণ ভদ্র একজন মানুষ। তাঁর পরিবারও দারুণ। পারিবারিকভাবে সবকিছু ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু পরে আর এগোয়নি। এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’
২০২৪ সালের শেষ দিকে বিয়ের আলোচনা থেমে যাওয়ার পর ২০২৫ সালের শুরুতে নতুন একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বাঁধন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।
অভিনেত্রীর ভাষ্য, বিনোদন অঙ্গনের বাইরের একজন মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু পরে সেটি ভেঙে যায়। এই সম্পর্ককে জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাঁধন। নিজের সরলতার কথাও স্বীকার করেছেন তিনি। বাঁধন বলেন, ‘বিয়ের সম্পর্কটা ভেঙে যাওয়ার পর যে মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম, পরে বুঝেছি সেটা আমার জীবনের ভুল সিদ্ধান্তগুলোর একটি ছিল। এখন মনে হয়, সম্পর্কটা ভেঙে যাওয়াই ভালো হয়েছে। বড় ধরনের একটি ভুল থেকে বেঁচে গেছি। ’
দুবার বিয়ের অভিজ্ঞতা থাকা বাঁধন এখন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও ভেবেচিন্তে নিতে চান। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিয়ে তো আমি দুবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’
অভিনয়জীবনে বাঁধন সবচেয়ে বেশি আলোচনায় আসেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ছবির মাধ্যমে। এই ছবির মাধ্যমে তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। কাজের ক্ষেত্রে সব সময় বেছে বেছে এগোনো এই অভিনেত্রী সর্বশেষ ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন। তবে এবার ঈদে তাঁর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি।
জীবনের নানা উত্থান-পতন, সম্পর্কের সাফল্য-ব্যর্থতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদীই থাকতে চান বাঁধন, সেভাবেই চলছে পরিকল্পনা।