‘দ্য পিট’–এর দৃশ্য। আইএমডিবি
‘দ্য পিট’–এর দৃশ্য। আইএমডিবি

এমি মনোনয়নে এগিয়ে কোন সিরিজ

আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। গতকাল বুধবার ঘোষিত মনোনয়নে এবারের আসরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে এইচবিও ম্যাক্সের মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। সিরিজটি একাই পেয়েছে ২৫টি মনোনয়ন, যা এ বছর সর্বোচ্চ। এর ঠিক পেছনেই রয়েছে একই প্ল্যাটফর্মের কমেডি ‘হ্যাকস’, যার ঝুলিতে গেছে ২৪টি মনোনয়ন—এটি একটি কমেডি সিরিজের ইতিহাসে সর্বোচ্চ এমি মনোনয়নের নতুন রেকর্ড।

নতুন সিরিজগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে অ্যাপল টিভির ‘উইডোজ বে’, যার দখলে ১৯টি মনোনয়ন। একই প্ল্যাটফর্মের ‘প্লুরিবাস’ পেয়েছে ১৮টি। অন্যদিকে সীমিত সিরিজ বিভাগে সবচেয়ে বেশি ১৬টি মনোনয়ন অর্জন করেছে নেটফ্লিক্সের ‘বিফ’-এর দ্বিতীয় কিস্তি।

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে এবারও আধিপত্য দেখিয়েছে এইচবিও ম্যাক্স। ‘দ্য পিট’, ‘হ্যাকস’ ও ‘ডিটিএফ সেন্ট লুইস’-এর সাফল্যে প্রতিষ্ঠানটি মোট প্রায় ১২২টি মনোনয়ন পেয়েছে। সম্প্রচারমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন এসেছে এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর ঝুলিতে।

‘হ্যাকস’–এর পোস্টার। আইএমডিবি

সেরা ড্রামা সিরিজ
মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিলডেড এজ’, ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’, ‘প্যারাডাইস’, ‘দ্য পিট’, ‘প্লুরিবাস’, ‘স্লো হর্সেস’ ও ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’।

সেরা কমেডি সিরিজ
প্রতিদ্বন্দ্বিতা করবে ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘দ্য বেয়ার’, ‘হ্যাকস’, ‘মার্গোস গট মানি ট্রাবলস’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘শ্রিঙ্কিং’ ও ‘উইডোজ বে’।

সেরা অ্যানথোলজি সিরিজ
মনোনীত হয়েছে ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘ডিটিএফ সেন্ট লুইস’ ও ‘লাভ স্টোরি: জন এফ কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।

অভিনয় বিভাগে তারকারা
ড্রামা বিভাগে সেরা অভিনেতার দৌড়ে আছেন স্টার্লিং কে ব্রাউন, গ্যারি ওল্ডম্যান, মার্ক রাফালো, রুফাস সিওয়েল ও নোয়া ওয়াইলি। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ক্যারি কুন, চেজ ইনফিনিটি, কেরি রাসেল, রিয়া সিহর্ন ও জেনডায়া।
কমেডিতে সেরা অভিনেতার তালিকায় রয়েছেন স্টিভ ক্যারেল, মার্টিন শর্ট, জেসন সিগেল, ইয়াহিয়া আবদুল-মাতিন দ্বিতীয় ও ম্যাথিউ রিস। আর অভিনেত্রী বিভাগে আছেন জিন স্মার্ট, আয়ো এদেবিরি, কুইন্টা ব্রানসন, এল ফ্যানিং ও লিসা কুদ্রো।

সীমিত সিরিজে সেরা অভিনেতার বিভাগে মনোনীত হয়েছেন রিজ আহমেদ, জেসন বেটম্যান, চার্লি হানাম, অস্কার আইজ্যাক ও ম্যাথিউ রিস। অভিনেত্রী বিভাগে রয়েছেন ক্লেয়ার ডেনস, স্যালি ফিল্ড, কেরি মুলিগান, সারা পিজিয়ন ও সারা স্নুক।

এবারের এমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ১৪ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেত্রী ও প্রযোজক মারিস্কা হার্গিটে। ১৫ বছরের মধ্যে তিনিই প্রথম নারী, যিনি এমি অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পাচ্ছেন।

ভ্যারাইটি অবলম্বনে