
পাকিস্তানি নাটক ‘দার–ই–নিজাত’-এ এত দিন ছিল মান-অভিমান, বিশ্বাসভঙ্গ আর মানসিক টানাপোড়েন। এবার গল্পে এসেছে প্রেমের পালা। অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের রসায়নে মুগ্ধ দর্শক। তাঁদের ছোট ছোট রোমান্টিক মুহূর্ত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
৬ নভেম্বর প্রচারিত নাটকটির ২৮তম পর্বে দেখা যায়, একসঙ্গে নৈশভোজে গেছেন আবু বকর ও জারিয়াব। দুজনের খুনসুটি, হাসি-ঠাট্টা আর মিষ্টি কথোপকথন দর্শকদের নজর কেড়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক বাটি নুডলস খাওয়ার দৃশ্যটি নিয়ে। সাধারণ একটি মুহূর্ত কীভাবে রোমান্টিক হয়ে উঠতে পারে, সেই দৃশ্য যেন তারই উদাহরণ।
নাটকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। আর জারিয়াব চরিত্রে দুরেফিশান সেলিম। তাঁদের সম্পর্কের শুরুটা অবশ্য সহজ ছিল না। বিশ্বাসভঙ্গ ও মানসিক আঘাতে বিপর্যস্ত জারিয়াবের জীবনে নতুন করে আশার আলো হয়ে আসে আবু বকর। স্ত্রীর অতীতকে বিচার না করে ধৈর্য ও সম্মান দিয়ে তাঁর পাশে থাকার চেষ্টা করে সে। সময়ের সঙ্গে দুজনের মধ্যে তৈরি হয় বিশ্বাস ও ভালোবাসা।
জারিয়াবের জীবনে একসময় ছিল প্রাণচাঞ্চল্য। কিন্তু শৈশবের পরিচিত জামিলের বিশ্বাসঘাতকতায় বদলে যায় সবকিছু। জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান। সেই আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জারিয়াবকে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। আবু বকরের সঙ্গে তাঁর মুহূর্তগুলো তাই দর্শকদের কাছে কেবল প্রেমের দৃশ্য নয়, জারিয়াবের ঘুরে দাঁড়ানোরও ইঙ্গিত।
নাটকের আরেকটি দৃশ্য নিয়েও আলোচনা হচ্ছে। জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার প্রস্তাব দেয় আবু বকর। দর্শকদের ধারণা, কেনাকাটার চেয়ে স্ত্রীর সঙ্গে আরও কিছুটা সময় কাটানোই তার আসল উদ্দেশ্য।
দুজনের এই জুটিকে ভক্তরা নাম দিয়েছেন ‘আবজার’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের দৃশ্য নিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও ও সম্পাদনা করা ক্লিপ।
ডেইলি পাকিস্তান অবলম্বনে