ডা. এজাজুল ইসলাম
ডা. এজাজুল ইসলাম

‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন

অভিনেতা হিসেবে পরিচিত ডা. এজাজুল ইসলাম চিকিৎসক হিসেবেও রোগীদের কাছে বেশ জনপ্রিয়। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন তিনি। সেখানে রোগীদের ভিড় লেগে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক এই বিভাগীয় প্রধান এখনো রোগীপ্রতি ফি নেন মাত্র ৩০০ টাকা!

ডা. এজাজুল ইসলাম

সম্প্রতি স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে ডা. এজাজের কাছে নিজের অভিজ্ঞতার কথা ফেসবুকে লিখেছেন ইলিয়াস মৃধা নামের এক ব্যক্তি। দীর্ঘ সময় অপেক্ষা, চিকিৎসকের রোগী দেখার ধরন, ব্যবস্থাপত্র ও চেম্বারের পরিবেশ—সবকিছুই তুলে ধরেছেন তিনি। শুরুতে অপেক্ষা নিয়ে বিরক্ত হলেও শেষ পর্যন্ত চিকিৎসক ডা. এজাজুল ইসলামের আচরণে মুগ্ধ হন ওই ব্যক্তি। তাঁর এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন দেড় হাজারের মতো মানুষ। কমেন্টেও এজাজুল ইসলামের চিকিৎসার প্রশংসা করেছেন নেটিজেনরা।
পোস্টদাতা শুরুতেই লিখেছেন, ‘ডা. এজাজুল ইসলাম কোনো মানুষ না।’ প্রথমেই মনে হতে পারে কোনো তিক্ত অভিজ্ঞতা থেকে এমন পোস্ট দিয়েছেন কেউ। তবে পোস্ট পড়া শুরু করলে সে জট আস্তে আস্তে খুলে যায়।

পোস্টে ইলিয়াস মৃধা জানিয়েছেন, মাইগ্রেনের সমস্যার কারণে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে ডা. এজাজের কাছে যান। জয়দেবপুরের চেম্বারে তাঁদের সিরিয়াল ছিল ৬২। সন্ধ্যা ছয়টায় চিকিৎসক দেখানোর কথা থাকলেও তাঁরা এক ঘণ্টা দেরিতে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, তখন ৩৫ নম্বর সিরিয়াল চলছে। তাঁদের ধারণা ছিল, আর ২৭ জন রোগী দেখলেই তাঁদের পালা আসবে। তাই অপেক্ষার ফাঁকে দুজন কফি খেতে বের হন।
রাত আটটার দিকে চেম্বারে ফিরে তাঁদের বিস্মিত হতে হয়। তখন চলছে ৪২ নম্বর সিরিয়াল। অর্থাৎ এক ঘণ্টায় মাত্র সাতজন রোগী দেখেছেন চিকিৎসক। এতে বিরক্ত হয়ে পড়েন ওই ব্যক্তি। তাঁর মনে হতে থাকে, এত সময় ধরে একজন চিকিৎসক কী করছেন? এমনকি চিকিৎসকের কক্ষে বসে মুঠোফোনে নাটক দেখার কথাও তাঁর মাথায় আসে। তিনি লিখেছেন, অন্য জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাধারণত ঘণ্টায় ১৫ থেকে ২৫ জন রোগী দেখেন। তাই এত ধীরগতিতে রোগী দেখার কারণ বুঝতে পারছিলেন না তিনি।

বিনোদন অঙ্গনে ডা. এজাজ নামে পরিচিত জনপ্রিয় অভিনেতা এজাজুল ইসলাম। ছবি: ফেসবুক থেকে

অপেক্ষার একপর্যায়ে চিকিৎসকের কক্ষে ঢুকে কিছু বলবেন বলেও মনে মনে ঠিক করেন। কিন্তু তাঁদের সিরিয়াল আসতে আসতে রাত ১১টা বেজে যায়। এতক্ষণ অপেক্ষার কারণে তিনি তখন বেশ উত্তেজিত ছিলেন। তবে চিকিৎসকের কক্ষে ঢোকার পর তাঁর সেই বিরক্তি অনেকটাই বদলে যায়।

পোস্টে ইলিয়াস মৃধা লিখেছেন, পুরোনো কাঠের চেয়ারে মৃদু হাসিমুখে বসে ছিলেন ডা. এজাজ। মাথা তুলে তাঁদের দিকে তাকান। দীর্ঘ সময় রোগী দেখার পরও তাঁর চেহারায় ক্লান্তির ছাপ ছিল না। দুজনকে ভালোভাবে দেখে বসতে বলেন। এরপর ধীরস্থিরভাবে জানতে চান, কী সমস্যা।

পোস্টদাতার ভাষ্য অনুযায়ী, ডা. এজাজ নিজেই তাঁর স্ত্রীর রক্তচাপ মাপেন। এরপর মনোযোগ দিয়ে ব্যবস্থাপত্র লেখেন। এ সময় তাঁর মনে হচ্ছিল, চিকিৎসক হয়তো মাথার সিটি স্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা দেবেন। সেসব পরীক্ষার খরচ নিয়েও চিন্তিত ছিলেন তিনি। তাঁর ধারণা ছিল, হয়তো নির্দিষ্ট কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হবে।

ডা. এজাজুল ইসলাম

কিন্তু শেষ পর্যন্ত ইলিয়াস মৃধার ধারণা মেলেনি। ডা. এজাজ কোনো পরীক্ষার পরামর্শ না দিয়ে দুটি ওষুধ দুই মাস খাওয়ার কথা বলেন। এরপর একটি সাধারণ ব্যবস্থাপত্র স্ত্রীর হাতে তুলে দেন। পোস্টদাতা লিখেছেন, ব্যবস্থাপত্র হাতে নিয়ে তিনি অবাক হয়ে যান। চিকিৎসকের কাছে যাওয়ার আগে যে খরচের আশঙ্কা করেছিলেন, তার কিছুই হয়নি।
চেম্বার থেকে বের হওয়ার পর আরেকটি বিষয় মনে পড়ে ইলিয়াস মৃধার। চিকিৎসকের ফি দেওয়া হয়নি। তাঁর ভাষ্য, চেম্বারের দরজা ও প্রাঙ্গণ পার হওয়ার পর বিষয়টি মনে পড়লে বুঝতে পারেন, ফি দেওয়ার জন্য কেউ তাঁদের আটকে রাখেননি। চিকিৎসকের ফি ছিল মাত্র ৩০০ টাকা।

চেম্বারের পরিবেশ নিয়েও পোস্টে লিখেছেন ওই ব্যক্তি। তাঁর বর্ণনায়, সেখানে বাহুল্য বা আড়ম্বরপূর্ণ আয়োজন নেই। কর্মীদের পোশাক ও চেহারায় সাধারণ মানুষের ছাপ থাকলেও তাঁদের আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে। চিকিৎসক চাইলে রোগীপ্রতি বেশি ফি নিতে পারতেন, এমন মন্তব্যও করেছেন তিনি।

এ নিয়ে ওই ব্যক্তি লিখেছেন, ‘সারা দিন ১০০ রোগী দেখে ভিজিট পান ৩০ হাজার, যেটা চাইলে তিনি কয়েক লাখে নিতে পারতেন। হাত বাড়ালেই লাখ টাকার লোভ কত অবলীলায় তিনি প্রত্যাখ্যান করতে পারেন! এমন পুরোনো রোগের ওষুধ মাত্র ৯০ টাকায় সারবে (সারছেও), আর কে জানে! সব ভেবে শ্রদ্ধায়, ভালোবাসায় আমার মাথা নুয়ে এল।’

সব মিলিয়ে ডা. এজাজুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও ভালো লাগার কথা জানিয়ে পোস্টদাতা লিখেছেন, ‘আজকের দিনে “সব আমার চাই”–এর সময়েও এমন নিরহংকারী, নির্লোভী মানুষ আছে?’ তাঁর ভাষায়, ফিরতি পথে বাসে বসে এসব ভাবতে ভাবতে তাঁর কাঁদতে ইচ্ছা করছিল। ডা. এজাজকে তিনি ‘দেবদূত’ বলেও উল্লেখ করেছেন।