তাহমিনা সুলতানা মৌ
তাহমিনা সুলতানা মৌ

‘সব সম্পর্কই চায়ের মতো, স্বাদ আসে ব্যালান্সে’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। তারকাদের মধ্যে তাহমিনা সুলতানা মৌ, নাসির উদ্দিন খান, প্রান্তর দস্তিদার, সালহা খানম নাদিয়া ও সুনেরাহ বিনতে কামালদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
নাসির উদ্দিন খান অভিনীত ‘মাস্টার’ ছবিটি নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) থেকে পুরস্কার পেয়েছে। সিনেমাটি উৎসবের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জিতেছে। গত শুক্রবার রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার হাতে নিজের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে নাসির উদ্দিন খান বলেন, ‘বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে এক আকাশ হিমেল সম্মান বয়ে আনল “মাস্টার”।’
চায়ের কাপ হাতে নিয়ে স্থিরচিত্রটি পোস্ট করে সম্পর্কের সৌন্দর্য নিয়ে কথা বলেছেন অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ। তিনি লিখেছেন, ‘সব সম্পর্কই চায়ের মতো, স্বাদ আসে ব্যালান্সে, চা-পাতা বেশি হলে তিতা...। চিনি বেশি হলে মিষ্টি হয়ে ওঠে বিরক্তিকর। ঠিক যতটা দরকার, ঠিক ততটাই থাকলেই-স্বাদটা ঠিক। সম্পর্কের সৌন্দর্যও ঠিক তেমন। বেশি হলে বোঝা, কম হলে শূন্যতা। ঠিকঠাক থাকলেই শান্তি।’
অভিনয়শিল্পী তাবাসসুম ছোঁয়ার সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে প্রান্তর দস্তিদার লিখেছেন, ‘কি একটা অবস্থা, না বসলে হাইট মিলে না।’
জানুয়ারির প্রথম সপ্তাহে মা হওয়ার খবর দেন অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া। এখন তিনি নবাজতক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে সমুদ্রসৈকতে তোলা একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘মন চাইছে আবার যেতে।’
‘পরমা সুন্দরী’ নাটকের খবর জানিয়ে ফেসবুকে অভিনয়শিল্পী আরশ খানের সঙ্গে স্থিরচিত্রটি পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন হাবিব ওয়াহিদের গাওয়া ‘তোমার মাঝে নামবো আমি, তোমার ভেতর ডুব ...’ গানের এই দুই লাইন।