জাহিদ হাসান
জাহিদ হাসান

ভুয়া ভিডিওতে বিভ্রান্তি: ডায়াবেটিস ‘জয়’ ও নাতি–নাতনির গল্প পুরোপুরি বানানো, বললেন জাহিদ হাসান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে অভিনয়শিল্পী জাহিদ হাসানকে নিয়ে। সেখানে তিন যুগ ধরে অভিনয় করা জাহিদ হাসানকে ‘সংগীতশিল্পী’ পরিচয়ে উপস্থাপন করে দাবি করা হয়, তিনি নাকি ওষুধ ছাড়াই ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছেন। এমনকি নাতি-নাতনিদের সঙ্গে খেলতে না পারার কষ্টের গল্পও জুড়ে দেওয়া হয়। তবে জাহিদ হাসান স্পষ্ট জানালেন, সবই ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

জাহিদ হাসান

ভিডিওটিতে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সংবাদরূপে উপস্থাপন করে দাবি করা হয়, ডায়াবেটিসে দীর্ঘদিন ভুগছিলেন জাহিদ হাসান। নাতি-নাতনিদের সঙ্গে খেলতে পারতেন না, নিজেকে পরিবারের বোঝা মনে করতেন। দুর্নীতিগ্রস্ত চিকিৎসকের কারণে কষ্ট বেড়েছিল। পরে নাকি কোনো ওষুধ ছাড়াই ডায়াবেটিস জয় করেন তিনি। এ প্রতিবেদনে একটি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে সংবাদ আকারে উপস্থাপন করা হয়েছে।

জাহিদ হাসান বলেন, ‘এ ধরনের কোনো কথা আমি কোথাও বলিনি। পুরো বিষয়টাই বানানো।’ তিনি জানান, তাঁর দুই সন্তান এখনো পড়াশোনা করছে; তাদের বিয়ের বয়সই হয়নি, ফলে নাতি-নাতনির গল্প সম্পূর্ণ বানোয়াট। সহকর্মীদের কাছ থেকে ভিডিওটি পাওয়ার পর তিনি চরম বিরক্তি প্রকাশ করেন। তাঁর ভাষায়, ‘এরা প্রতারক চক্র। মিথ্যার ওপর ব্যবসা করছে। একজন শিল্পীকে নিয়ে এভাবে মিথ্যা গল্প ছড়ানো অপরাধ।’

মেয়ে পুষ্পিতা হাসান এবং ছেলে পূর্ণ হাসানের সঙ্গে বাবা জাহিদ হাসান

জাহিদ হাসানের অভিযোগ, অন্য একটি সংবাদের ভিডিও ফুটেজে ডাবিং করে প্রতারণামূলক কনটেন্ট বানানো হয়েছে। টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে প্রচারণা চালানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ‘দেশের মানুষ সহজ-সরল। যাচাই না করেই অনেক সময় বিশ্বাস করে ফেলেন। এতে বিভ্রান্তির ঝুঁকি থাকে।’ এর আগেও তাঁকে নিয়ে যৌনরোগ–সংক্রান্ত আরেকটি ভুয়া ভিডিও বানানো হয়েছিল বলে জানান তিনি।

জাহিদ হাসান

সাইবার অপরাধের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এভাবে মানুষের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া যায় না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার নতুন নয়। তবে জনপ্রিয় শিল্পীদের নাম-পরিচয় ব্যবহার করে এমন প্রতারণা কেবল ব্যক্তিগত সুনামহানিই নয়, সাধারণ মানুষের মধ্যেও ভুল তথ্য ছড়ায়। জাহিদ হাসানের বক্তব্যে স্পষ্ট—এই ভুয়া প্রচারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।