
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। তাঁর মতে, বিদেশের মাটিতে বাঁধনের ওপর হামলা ঘটনা মনে করিয়ে দেয়, ‘এই দেশে শিল্পী হওয়াটাই যেন পাপের।’
মৌসুমী হামিদ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কারণ, শিল্পীরাই দেখি সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন। কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ইতালির ভেনিসেই হোক। জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক দল করিনি কিন্তু দেশের ভালোমন্দ পরিস্থিতি নিয়ে সব সময় কথা বলে গেছি।’
এ সময় মৌসুমী হামিদ শিল্পী হিসেবে শিল্পীর পাশে থাকার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘যেসব শিল্পীরা আজমেরী হক বাঁধনের ওপর হওয়া হামলাকে সমর্থন করছেন বা তুলনা করছেন, বলছেন যারা বাঁধনের জন্য কানছে তারা ৩২ নম্বরে হামলার সময় কথা বলে নাই কেন। তাদেরকে বলতেছি, আপনারা যদি মনে করেন ৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হইছে দেখে এখন আর একজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন তাদের আছে।’
মৌসুমি আরও লিখেছেন, ‘তাইলে আপনারা কিসের নেতা হবেন, সেটা বুঝা যাইতেছে। আপনেরা দেশের জন্য কি করবেন সেটাও বুঝা যাইতেছে। মানুষের নেতা হওয়ার জন্য আপনাদের লড়াই না। যেমন নেতা ছিলেন বঙ্গবন্ধু যেমন নেতা ছিলেন জিয়াউর রহমান বা মওলানা ভাসানী। শিল্পী হয়ে মানুষকে তাঁর মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধুমাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি, বাহ!’