অভিনেত্রী সুমাইয়া শিমু। ছবি:শিল্পীর ফেসবুক থেকে
অভিনেত্রী সুমাইয়া শিমু। ছবি:শিল্পীর ফেসবুক থেকে

‘আগেও দেশে ছিলাম, ভবিষ্যতেও আমি দেশেই থাকব’

নিয়মিত অভিনয় থেকে দূরে অভিনেত্রী সুমাইয়া শিমু। তবে বেশির ভাগ ভক্তরা মনে করেন, এই অভিনেত্রী এখন বিদেশে থিতু হয়েছেন। এ নিয়ে নিয়মিত নানা প্রশ্ন শুনতে হয়। এবার ফেসবুক ভিডিও বার্তায় শিমু জানালেন, তিনি বিদেশ নয়। তিনি সব সময়ই দেশে ছিলেন, দেশেই থাকতে চান।

অভিনেত্রী সুমাইয়া শিমু। ছবি: শিল্পীর সৌজন্যে

শিমু বলেন, ‘আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারি, অনেকেই মনে করেন, আমি দেশ ছেড়ে গেছি। অনেকেই ধরেই নিয়েছেন, আমি বিদেশেই থাকছি। আমি বাংলাদেশে থাকি না, কথাটা সত্য নয়। আমি কখনোই দেশের বাইরে ছিলাম না। আমি এখনো দেশে আছি। এর আগেও দেশে ছিলাম, ভবিষ্যতেও আমি দেশেই থাকব।’

দুই সন্তানের সঙ্গে শিমু। ছবি: শিল্পীর সৌজন্যে

দেশের অনেক অভিনয়শিল্পী এখন বিদেশে পাড়ি জমিয়েছেন। কেউ কেউ স্থায়ী হতে ছুটে চলেছেন উন্নত দেশগুলোয়। তবে সেসব দেশে ঘুরতে গেলেও স্থায়ী হওয়ার জন্য কখনোই টানে না বলে জানান এই অভিনেত্রী। শিমু বলেন, ‘আমি মাঝেমধ্যে ঘুরতে দেশের বাইরে যাই। আমার মনে হয়, এভাবে সবাই যায়। সেসব ছবি ফেসবুকে পোস্ট করলে অনেকেই মনে করেন, আমি পর্দার বাইরে থেকে দূরে। হয়তো বিদেশেই চলে গেছি। দেখা হলেও একই প্রশ্ন অনেকে করেন।’

যুক্তরাজ্যে ঘুরছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ছবি: ফেসবুক থেকে

অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতি দিয়ে গত বছরের জানুয়ারিতে সর্বশেষ নুহাশ হুমায়ূনের ‘২ ষ’ অ্যান্থলজি ওয়েব সিরিজ দিয়ে ফেরেন এই অভিনেত্রী। তিনি সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। সেই সময় শিমু জানিয়েছিলেন, মা হতে চলেছেন। খবরটি শোনার পর একেবারেই অভিনয় থেকে সরে যান। ২০২৩ সালে যমজ সন্তানের মা হন শিমু। পরবর্তী সময়ে সন্তানদের সময় দিয়েছেন। এর মধ্যে ‘২ ষ’–এ গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় তিনি নাম লেখান।