‘আলো’ শীর্ষক প্রদর্শনী দেখতে এসেছিলেন অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন
‘আলো’ শীর্ষক প্রদর্শনী দেখতে এসেছিলেন অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন

‘আলো’ প্রদর্শনী

‘দিনে দিনে আমরা জানি কেমন আবেগহীন হয়ে যাচ্ছি’

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর ভবন নিয়ে আয়োজিত শিল্পী মাহবুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক প্রদর্শনী দেখতে এসেছিলেন অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন। আজ বুধবার বিকেলে পুরো প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। প্রতিটি শিল্পকর্ম তাঁর আবেগকে ছুঁয়েছে বলে মনে করেছেন তিনি।

পুরো প্রদর্শনী ঘুরে দেখে আফজাল হোসেন বলেন, ‘পুরোটা ঘুরে দেখেছি, এক শব্দে বলতে বললে বলব, “বাহ”। শিল্পী মাহবুবুর রহমান দারুণ একটি কাজ করেছেন। আসলে আমরা যে সময়ের দিকে যাচ্ছি, দিন দিন আমাদের আবেগ কমছে। আমরা জানি কেমন আবেগহীন হয়ে যাচ্ছি। এখানে এলে এই প্রদর্শনীর প্রতিটি জিনিস সবাইকে আবেগতাড়িত করবে। প্রতিটা শিল্পকর্ম দেখে ভাবছিলাম, এগুলোর সঙ্গে কত আবেগ জড়িয়ে আছে।’

ভয়াবহ ‘নাইন-ইলেভেন’ হামলার উদাহরণ তুলে ধরে আফজাল হোসেন বলেন, ‘পৃথিবীতে এমন অনেক বড় ঘটনা ঘটেছে, যা আমাদের ভাবিয়ে তোলে যে মানুষের প্রতি মানুষের আচরণ কেমন হওয়া উচিত। আমি দেখেছি, যেখানে বড় কোনো ধ্বংসযজ্ঞ ঘটেছে, সেখানে নতুন কিছু নির্মাণ না করে সেই ধ্বংসাবশেষটুকুই রেখে দেওয়া হয়েছে, যাতে সারা পৃথিবী থেকে মানুষ এসে তা দেখতে পারে। সেখানে কোনো হিংসাত্মক পরিবেশ নেই, বরং যা ঘটেছিল তার জন্য মানুষের মনে সহমর্মিতা জন্মায়।’
আফজাল হোসেন আরও বলেন, ‘মানুষ আসলে সৃজনশীল জীব। সেই ভাঙাটাই সুন্দর, যা ভেঙে নতুন কিছু করা যায়, আর সেই ভাঙা অর্থহীন, যা দেখে মনে হয়, এটা কেবলই ভাঙার ইচ্ছা থেকে করা হয়েছে।’

অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন

শিল্পী মাহবুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিদগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।