মেসির সঙ্গে ছবিতে তারকারা। মন্তব্য, রিঅ্যাকশনে জমে উঠছে আড্ডা। মনের কথা বলছেন মেসিকে। কথাগুলো বাস্তবের হলেও এই আড্ডার ছবি কাল্পনিক। এসব ছবি এআই দিয়ে তৈরি করা। এআই প্রযুক্তি নিখুঁতভাবে ছবিগুলো তৈরি করেছে। অনেক দর্শক প্রথম দেখায় সেটিকে সত্যি বলেই মনে করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল মেসি ও তারকাদের এসব কল্পিত আড্ডা। মেসির সঙ্গে কাল্পনিক আড্ডায় কে কী লিখেছেন?
অভিনেতা কচি খন্দকার মেসির ভক্ত। প্রতিদিন আর্জেন্টিনার সমর্থনে একাধিক পোস্ট করেন। তিনি এআই দিয়ে তৈরি করা মেসির সঙ্গে মেতেছেন আড্ডায়। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভাই মেসি, তুমি মানুষ না মহান এলিয়েন। তুমি আমাকে চা পান করতে করতে কথা দিয়েছিলে গোল দেবে। তবে আজও দুই গোল দেবে বিস্ময়! ভাষা হারিয়ে ফেলছি। তোমরা খুশি হও—প্লিজ রাগ কোরো না।’
এদিকে রটারডাম চলচ্চিত্র উৎসবের আয়োজনের একটি ছবিতে দেখা যায়, অভিনেত্রী জাকিয়া বারী মমর পাশে দাঁড়িয়ে রয়েছেন মেসি। এআই দিয়ে নির্মিত সেই ছবি পোস্ট করে মম লিখেছেন, ‘চমৎকার জয়ের রাত। ভালোবাসা মেসি।’
আর্জেন্টিনা–ভক্ত আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি মেসির ভক্ত। তিনি এআই দিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ সেখানে একাধিক ভক্তের মন্তব্য, ‘আপনি কি তাঁকে খুবই পছন্দ করেন? বেশ মানিয়েছে।’
এআই দিয়ে প্রিয় তারকার সঙ্গে ছবি তৈরি করতে পিছিয়ে নেই নাটকের আরেক অভিনেতা নিলয়। তিনি এআই দিয়ে বানানো কাল্পনিক ছবিতে মেসির সঙ্গে আড্ডা দিচ্ছেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুধু হ্যাটট্রিক করলে চলবে না, পরের ম্যাচে আরও ভালো করতে হবে!’ সেখানে রেজাউল নামে এক ভক্ত লিখেছেন, ‘বস, আপনার পাশে আছি। আমরাও মেসিভক্ত।’