‘অংশীদার’ নাটকের শুটিংয়ে তানিয়া বৃষ্টি
‘অংশীদার’ নাটকের শুটিংয়ে তানিয়া বৃষ্টি

‘সবার আন্তরিকতা আমাকে বুঝিয়েছে, তাঁরা আমার ফেরার অপেক্ষায় ছিলেন’

৯ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। দীর্ঘ এই সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন। তবে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন এই অভিনেত্রী। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। গতকাল ২৬ অক্টোবর শুটিংয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। টানা দুই দিনে নাটকটির শুটিং শেষ হয়েছে। ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

‘অংশীদার’ নাটকের শুটিংয়ে তানিয়া বৃষ্টি

প্রায় ৯ মাস পর শুটিংয়ে ফিরে সহকর্মীদের আন্তরিকতায় আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি। অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ে সবার আন্তরিকতা আমাকে ইমোশনাল করেছে। পরিচালক থেকে শুরু করে সেটের প্রত্যেকেই আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন। সবার এই ভালোবাসা ও সহযোগিতা আমার চোখে পড়েছে। দীর্ঘদিন পর কাজে ফিরে এমন পরিবেশ পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। নতুন করে কাজ করার উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। সবার আন্তরিকতা আমাকে বুঝিয়েছে, তাঁরা আমার ফেরার অপেক্ষায় ছিলেন।’

এর আগে ৩ অক্টোবর ফেসবুক লাইভে কথা বলার সময়ই অভিনয়ে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। তখন বলেছিলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’ সেই ইচ্ছার বাস্তবায়ন হলো ২৬ অক্টোবর।

তানিয়া বৃষ্টি

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। এরপর চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। চিকিৎসার অংশ হিসেবে শুরু হয় কেমোথেরাপি। মাসের শুরুতে ফেসবুক লাইভে তানিয়া জানিয়েছিলেন, ছয় মাসের কেমোথেরাপির মধ্যে তিন মাস তখন শেষ হয়েছে। শারীরিকভাবে আগের চেয়ে ভালো থাকলেও চিকিৎসা চলছিল তাঁর।

সেই লাইভে নিজের অসুস্থতার সময়ের কথা বলতে গিয়ে তানিয়া বলেছিলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।’ দীর্ঘ এ সময়ে ভক্তদের ভালোবাসা ও সমর্থন তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও জানিয়েছিলেন তিনি। অভিনয়কে যে ভীষণ মিস করেছেন, সেটিও অকপটে বলেছিলেন।

‘অংশীদার’ নাটকের শুটিংয়ে তানিয়া বৃষ্টি

তানিয়া শুটিংয়ে ফিরলেন নাটক ‘অংশীদার’ দিয়ে। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নাটকের গল্পে উঠে এসেছে নারীর উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়। বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে চাচা ও তাঁর পরিবারের সদস্যরা। একপর্যায়ে বড় বোন নিজের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠে।

নির্মাতা ইকসান রনি বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে ও সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

‘অংশীদার’ নাটকের শুটিংয়ে ডলি জহুরের সঙ্গে তানিয়া বৃষ্টি

কথা প্রসঙ্গে রনি বললেন, ‘গেল বছরের শেষ দিকে তানিয়া (বৃষ্টি) আপুর সঙ্গে আমার কাজ করার কথা ছিল। হুট করেই তাঁর অসুস্থতার খবর শুনি। এরপর আমাদের আর কাজটি করা হয়নি। মাসখানেক ধরে আবার আমাদের আলাপ হচ্ছিল। গল্পটি পড়ে ফোন করে জানালেন, কাজটি করতে চান। শুটিংয়ের আগে দুদিন বসেছিলাম। তিনিও অভিনয়ে ফেরার জন্য বেশ উদ্‌গ্রীব ছিলেন। শুটিংয়ে তাঁকে আমার আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমার এই চরিত্রেও তিনি দারুণ করেছেন। নাটকটি প্রচারের পর সবাই তা বুঝতে পারবেন।

তানিয়া বৃষ্টি ছাড়া ‘অংশীদার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী ও তাসমিয়াহ টিনা প্রমুখ।

শুটিংয়ে পরিচালক ইকসান রনির সঙ্গে মনিটরের সামনে বসা তানিয়া বৃষ্টি

এর আগে ইকসান রনির ‘বাবাও মানুষ’ নাটকে ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি। নাটকটি প্রচারের পর দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে। নতুন নাটক ‘অংশীদার’ শিগগিরই এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে। পরে এটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।