‘জনপ্রিয়তা পরিবার থেকে আলাদা করে দেয়’

অভিনেতা মুশফিক ফারহান। ছবি: শিল্পীর সৌজন্যে
অভিনেতা মুশফিক ফারহান। ছবি: শিল্পীর সৌজন্যে
মুশফিক আর ফারহান এর জন্য গত বছরটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কাজের সংখ্যা কমেছে। নানা বাধার কারণে একসময় ইচ্ছা থাকলেও অনেক কাজে যুক্ত হতে পারেননি। তবে নতুন বছরের শুরুতেই টিপু সুলতানসহ কয়েকটি নাটক দিয়ে আবার আলোচনায় এই অভিনেতা। তাঁর ক্যারিয়ারের উত্থান-পতনের সেই গল্পই শোনাচ্ছেন মনজুরুল আলম।

দুই বছর আগেও ধারাবাহিকভাবে ট্রেন্ডিংয়ে থাকত ফারহান অভিনীত নাটক। বিশেষ করে বছর শেষে সালতামামিতে তাঁর নাটকগুলো নিয়মিতই জায়গা পেত। তবে গত বছরের চিত্রটা ছিল ভিন্ন। তালিকায় আগের মতো সংখ্যায়, নাটক ছিল না। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, পরিস্থিতির কারণেই গত বছর নাটকে তাঁর কাজের সংখ্যা কমে গেছে।

অভিনেতা মুশফিক ফারহান। ছবি: শিল্পীর সৌজন্যে

ফেব্রুয়ারি মাসের শুরুর দিন তাঁর সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে ফারহান জানান, গত বছর আগের মতো স্বাচ্ছন্দ্যে অভিনয় করতে পারেননি। অনেক সময় শুটিংয়ে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে। এমনও হয়েছে, শুটিং বন্ধ করে মাঝপথে ফিরে আসতে হয়েছে। ‘আমি সাধারণত বড় পরিসরের নাটকে কাজ করি। গত বছর প্রতিটা কাজই ঝুঁকি নিয়ে করতে হয়েছে। কোথাও শুটিংয়ের মাঝপথে এসে বলা হয়েছে, এখানে কাজ করা যাবে না। এমন অবস্থায় ঘরের ভেতর একই লোকেশনে কয়টা কাজই–বা করা যায়?’ মুশফিকের প্রশ্ন। সব মিলিয়ে কাজ কমে গেছে।

বড় আয়োজনের নাটকে দেখা যায় ফারহানকে। ছবি: শিল্পীর সৌজন্যে

মনোযোগ কি সিনেমায়
ভক্তদের অনেকে মনে করছেন, সিনেমার প্রস্তুতি নিতেই নাটকে কাজ কমিয়েছেন ফারহান। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, সিনেমা তাঁর কাছে বড় মাধ্যম। শিল্পী হিসেবে সেখানে কাজ করার পরিকল্পনাও আছে। তবে এখনই নয়। ‘এই মুহূর্তে নাটক নিয়েই থাকতে চাই। আমি যেভাবে সময় নিয়ে কাজ করি, বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। স্পনসর আর ব্র্যান্ডিংও এখন আগের মতো ‘মসৃণ’ নয়। সিনেমার জন্য ভালো পরিবেশ দরকার। সময় হলে সেটাই জানাব।’

‘জনপ্রিয়তা মানেই ডিপ্রেশন’
জনপ্রিয়তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন ফারহান। তাঁর মতে, সব সময় জনপ্রিয় থাকার চাপ একজন শিল্পীকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। তিনি বলেন, ‘সব সময় ভালো করতে হবে, জনপ্রিয় থাকতে হবে—এমনটা আমি ভাবি না।

অভিনেতা মুশফিক ফারহান। ছবি: শিল্পীর সৌজন্যে

জনপ্রিয়তার পেছনে ছোটার মানে নিজেকে সবকিছু থেকে আলাদা করা। জনপ্রিয়তা পরিবার থেকে আলাদা করে দেয়। ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। সব সময় কেউ শীর্ষে থাকে না। এটা কোনো পরীক্ষার ফল নয় যে প্রথম হতেই হবে।’ উদাহরণ হিসেবে শাহরুখ খানের কথাও টানেন তিনি। মুশফিক মনে করেন, ‘বড় তারকার জীবনেও ব্যর্থতা আর মানসিক চাপ থাকে। শাহরুখ খানের সব সিনেমা কিন্তু জনপ্রিয় নয়। আমার মতো করেই কাজ করে যেতে চাই। আমি কোনো প্রতিযোগিতায় যেতে চাই না।’

জীবন নিয়ে উপলব্ধি
প্রায় এক দশকের ক্যারিয়ারে জীবন সম্পর্কে তাঁর ভাবনায় এসেছে পরিবর্তন। সময়ের সঙ্গে শিল্পীর পরিপক্বতা বাড়ে বলেও মনে করেন তিনি। ফারহান বলেন, ‘এ সময়ে এসে মনে হয়, অস্থিরতা কমানো খুব জরুরি। জীবনের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে—টাকা থাকলেই শান্তি আসে না। মানসিক শান্তিটাই সবচেয়ে বড়।’

ভক্তের গল্পে অভিনয়
সম্প্রতি পরিবার নিয়ে প্রায় ১৫ দিন সৌদি আরবে ছিলেন ফারহান। সেখানে প্রবাসী দর্শকদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের জীবনের গল্প তাঁকে নাড়া দেয়। তিনি বলেন, ‘প্রায়ই দর্শকদের সঙ্গে কথা বলি।

‘টিপু সুলতান’ নাটকের পোস্টারে মুশফিক

অনেক প্রবাসী দর্শক চিনে ফেলেন। তখন তাঁদের সঙ্গে কথা হয়। একজন প্রবাসীর সঙ্গে পাঁচ মিনিট কথা বললেই একটা জীবনের গল্প পাওয়া যায়। তাঁদের পাওয়া, না–পাওয়ার গল্প আমাকে ভাবায়। অনুপ্রাণিত করে।’ এমনই এক প্রবাসীর জীবনের গল্প নিয়ে তৈরি নাটকে অভিনয় করেছেন তিনি, শিগগির যা প্রচার হবে।

বছরের শুরুতেই আলোচনায়
নতুন বছরে টিপু সুলতান, রং নাম্বারসহ কয়েকটি নাটক প্রচার হয়েছে। দর্শকদের সাড়া মিলেছে বলে জানান ফারহান। তবে এখনো নতুন কোনো শুটিং শুরু করেননি। তিনি বলেন, ঈদের নাটকের শুটিং শিগগির শুরু করবেন। ফারহানের কথায়, ‘নির্বাচনের আগে দুটি ঈদের নাটকের শুটিং করার ইচ্ছা আছে। নির্বাচনের পর পরিস্থিতি বুঝে ভালো পরিবেশে কাজ করতে চাই।’

ভালোবাসা দিবসের ‘ভিপি’ নাটকের পোস্টারে মুশফিক