
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সাফা কবির। তাঁর মতে, বাঁধনকে অন্যায়ভাবে হেনস্তা করা হচ্ছে। একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা শুধু নিন্দনীয় নয়, বরং অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের হামলার বিচার দাবি করেছেন তাঁরা।
বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ভীষণভাবে মর্মাহত হয়েছেন অভিনেত্রী সাফা কবির। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত আজমেরী হক বাঁধন আপু ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা, অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।’
সাফার মতে, দেশের শিল্পীদের বারবার কোনো না কোনোভাবে রাজনৈতিক ঘটনায় জড়ানো হয়। এতে অনেকেই স্বাধীনভাবে কথা বলতে পারেন না। তিনি লিখেছেন, ‘শিল্পী সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন—এটাই তো শিল্পীর স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন তাঁকে বারবার মূল্য দিতে হবে? আরও কষ্ট হয়, যখন কিছু মানুষের আচরণের কারণে পুরো জাতিকে বিচার করা হয়, আমাদের হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে পরিচিত হতে হয়। কিছু মানুষের কাজের দায় কেন একটি পুরো দেশের মানুষ বহন করবে? কেন সাধারণ বাংলাদেশিদের তার মূল্য দিতে হবে, দেশের বাইরে সম্মান থেকে শুরু করে ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও?’
ইতালিতে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইলেন সাফা। তিনি মনে করেন এ সুষ্ঠু বিচার হওয়া দরকার, যেন বাঁধন ন্যায়বিচার পান। ‘আমি এই ঘটনার ন্যায়বিচার চাই’ উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘একই সঙ্গে ভয়ও হয়, এই ঘটনাও কি কয়েক দিনের খবর হয়ে থাকবে? কিছু আলোচনা, কিছু প্রতিবাদ, কিছু সংবাদ তারপর নতুন কোনো ঘটনার নিচে চাপা পড়ে যাবে? আমরা যেন ভুলে না যাই। কারণ, একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনতার প্রশ্ন শুধু একজন শিল্পীর নয়, এটি আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমাদের পরিচয়েরও প্রশ্ন। একজন শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।’