
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হলেই বাংলাদেশে নতুন করে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা। প্রিয় দলের পতাকা, জার্সি, ব্যানার—সবকিছু নিয়েই চলে সমর্থকদের উৎসব। এসব উন্মাদনায় পিছিয়ে নেই তারকারা। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় তারকাদের খুনসুটি, টিপ্পনী আর তর্ক-বিতর্ক। কেউ কেউ মনে করেন, এসবও যেন বিশ্বকাপ সংস্কৃতিরই অংশ।
তবে এই চিরায়ত বিভাজনের মাঝখানে ব্যতিক্রমভাবে দেখা গেল অভিনেতা ফারুক আহমেদের ফেসবুক পোস্টের ছবি। তাঁর গায়ে বিশেষ এক জার্সি। জার্সিটির এক অংশ আর্জেন্টিনার, অন্য অংশ ব্রাজিলের। এক জার্সিতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতিনিধিত্ব।
এ নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আবার আসছে ফিফা বিশ্বকাপ। এটা খুবই ভালো লাগার। বিশ্বকাপের উন্মাদনায় সারা দেশের মানুষ, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিলকে এগিয়ে রাখছেন। যার যে দল পছন্দ, সে সেই দলের জার্সি গায়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। এখন যেখানেই যাচ্ছি, সেখানেই দেখি কথা হয় খেলা নিয়ে। কেউ কেউ জানতে চান, আমি কোনো দলের সমর্থক। এই বিষয়গুলো বেশ মজা লাগে।’
শুধু তা–ই নয়, খেলা ঘিরে তর্ক–বিতর্কের মধ্যেও পড়ছেন। চেষ্টা করেন এসব থেকে দূরে থাকার। তিনি বলেন, ‘এক দল বলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, আর এক দল বলে ব্রাজিল। সবাই পছন্দের দলকে এগিয়ে রাখেন। এই তর্ক–বিতর্কের মাঝে আমি নাই। আমি খেলা উপভোগ করি।’
আপনার গায়ের জার্সি দেখে কেউ কেউ মনে করছেন আপনি দুই দল সমর্থন করেন? এই অভিনেতা গায়ের জার্সি নিয়ে মজা করে বলেন, ‘এই খেলা নিয়ে বিরাট ফাটাফাটি হইব। আমি গোবেচারা মানুষ। এসব দলাদলির মধ্যে, কামড়াকামড়ির মধ্যে আমি নাই। তাই এমন জার্সি গায়ে জড়িয়েছি। এখন আমার আর কোনো প্রতিপক্ষ নাই। আহ্ শান্তি। সবাই আমার আপন।’ কথাগুলো বলেই হাসলেন।
ফারুক আহমেদের গায়ের অর্ধেক আর্জেন্টিনা অর্ধেক ব্রাজিলের এই জার্সি বেশ নজর কেড়েছে। এই জার্সির ঘটনা নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বেশ কয়েক বছর আগের। গতবারেরও আগের বার। তখন একটি নাটকের শুটিংয়ের প্রয়োজনে এমন জার্সি পরতে হয়েছিল।’
সেই নাটকটি বিশ্বকাপের সময় প্রচারিত হয়। গল্পের অংশ ছিল খেলাকে কেন্দ্র করে। এই অভিনেতা জানান, গল্পে তাঁর স্ত্রী আর্জেন্টিনার সমর্থক, আর তিনি ব্রাজিলের। ফুটবলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর খুনসুটি ও মতবিরোধ চলতেই থাকে। একপর্যায়ে সংসারে শান্তি ফেরাতে অভিনব উপায় বের করে ফারুক আহমেদের চরিত্রটি। তিনি গায়ে জড়িয়ে নেন এমন একটি জার্সি, যার অর্ধেক আর্জেন্টিনা, অর্ধেক ব্রাজিল। সেই নাটকে ফারুক আহমেদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মাইশা খন্দকার।
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের সংখ্যা এত বেশি যে বিশ্বকাপ এলেই দুই দলের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পায়। এই নিয়ে বেশ আফসোসের সুরে বললেন, ‘কোনো কিছু নিয়ে বেশি মাতামাতি ভালো নয়। অন্য একটি দেশের পতাকা আমরা ঘরে ঘরে ঝুলিয়ে রাখছি। আমরা ভালো করলে কী তারা এভাবে ঝুলিয়ে রাখত। সমর্থন থাকতেই পারে, কিন্তু অত্যধিক মাতামাতি ভালো নয়। আমার এখানে খুনখারাবি পর্যন্ত হয়। অথচ খেলা মূল উদ্দেশ্যেই ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। আর আমাদের এখানে সম্পর্ক নষ্ট হয়। এমন ঘটনাও ঘটে।’
আপনি কোনো দলের সমর্থক? এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘আমি খেলা পছন্দ করি। কিন্তু বিশেষ কোনো দলের সমর্থন করি না। আমার খেলা নিয়ে অতটা আবেগ নাই। যে জিতবে তারা ভালো খেলবে তারাই আমার পছন্দের দল। আমি খেলা উপভোগ করতে পছন্দ করি।’